প্রতীক ওমর, বগুড়া : গোপন তথ্যের ভিত্তিতে বগুড়ার শাজাহানপুর থানার পুলিশ ডাকাতির প্রস্তুতিকালে দেশিয়অস্ত্র ও ট্রাকসহ ১৭ ডাকাতকে গ্রেফতার করেছে। শুক্রবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়। এসময় ডাকাত দলের সাথে পুলিশের গুলি বিনিময়ের ঘটনা ঘটে।
বগুড়ার সিনিয়র সহকারি পুলিশ সুপার (মিডিয়া) গাজিউর রহমান জানান, শুক্রবার দিবাত রাত সোয়া ১০টার দিকে শাজাহনপুর থানার ওসি আব্দুল মান্নানের নেতৃত্বে একদল পুলিশ নাটোর-বগুড়া মহাসড়কের নাদুরপুকুর নামক স্থানে উপস্থিত হলে ডাকাতির প্রস্তুতিরত একদল ডাকাত পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এসময় পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে এবং চারিদিক থেকে ডাকাতদের ঘিরে ফেলে। একপর্যায়ে ১৩ ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেফতারকৃতরা হলো মোঃ আব্দুল ওয়ারেছ (৩১), মোঃ আব্দুল মমিন (২২), মোঃ তারাজুল ইসলাম (২০), মোঃ ফরিদ (৩০), মোঃ স্বপন (২২), মোঃ আকরাম হোসেন (৪০), মোঃ আব্দুল হান্নান (৩৫), মোঃ আব্দুর রশিদ (২২), মোঃ শহিদুল ইসলাম (২৩), মোঃ পলাশ (২২), মোঃ বেলাল হোসেন (১৯), মোঃ পিনু সরকার (২০), মোঃ রুমন (১৯)। তাদের কাছ থেকে ১টি ধারালো ২৪ ইঞ্চি লম্বা লোহার তৈরী কাটার, ১ টি ধারালো ২০ ইঞ্চি লম্বা লোহার তৈরী চাপাতি, ১টি ধারালো ২৪ ইঞ্চি লম্বা লোহার তৈরী রামদা ও ১ টি ঢাকা মেট্রো-ট ১১-৯৪৭৪ নম্বরের ট্রাক জব্দ করা হয়। পরবর্তীতে শাজাহানপুর থানার পুলিশ আবারও জানতে পারে যে, অন্য একটি ডাকাত দল শাজাহানপুর থানার বেতগাড়ী নামক স্থানে ট্রাক যোগে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পুলিশ ঢাকা-বগুড়া মহাসড়কের ২নং বাইপাসের সংযোগস্থলে বেতগাড়ী নামক স্থানে উপস্থিত হলে সেখানে ডাকাতির প্রস্তুতিরত একদল ডাকাত পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। পুলিশও তাদের লক্ষ্য করে ৪ রাউন্ড শর্টগানের গুলি ছুঁড়ে। এরপর পুলিশ চারিদিক থেকে তাদের ঘিরে ফেলে দেশীও অস্ত্র-শস্ত্রসহ ৪ ডাকাতকে একটি ট্রাকসহ গ্রেফতার করে এবং কিছু ডাকাত পালিয়ে যায়। গ্রেফতারকৃত ডাকাতরা হল মোঃ মামুন (১৯), মোঃ ওয়াহেদ আলী (৩৫), মোঃ তারাজুল ইসলাম (৩৫), মোঃ বাবু (৩২)। তাদের কাছ থেকে ১ টি ধারালো ৩৫ ইঞ্চি লম্বা লোহার তৈরী কাটার, ২ টি ধারালো ২৬ ইঞ্চি লম্বা লোহার তৈরী হাসুয়া, ২ টি ধারালো ৩১ ইঞ্চি লম্বা মাথা বাকানো লোহার রড ও ১ টি ঢাকা মেট্রো-ড ১১-১৯৩৫ নম্বরের ট্রাক জব্দ করা হয়।
উল্লেখ্য যে, জব্দকৃত ২টি ট্রাকই মোকামতলার জনৈক স্বপনের। গ্রেফতারকৃত ব্যক্তিরা পুলিশের কাছে স্বীকার করেছে যে, তারা ডাকাতির উদ্দেশ্যে ২টি ট্রাক নিয়ে একই সময়ে মোকামতলা থেকে রওনা হয়। এঘটনায় শাজাহনপুর থানা পুলিশ বাদী হয়ে আটককৃত ডাকাতদের বিরুদ্ধে ২টি পৃথক মামলা দায়ের করেছে।



















