ঝিনাইদহ প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্যঙ্গ করে মোবাইল ফোনে ছবি প্রকাশ করায় ঝিনাইদহে একটি মামলা দায়ের হয়েছে। সদর উপজেলার হাটগোপালপুর বাজারের খান মোবাইল হাউজের মালিক রেজাউল ইসলাম রাজু ও কর্মচারী লিমন হোসেন লালকে মামলায় আসামী করা হয়েছে। এ ঘটনায় শনিবার দোকান মালিক রেজাউল ইসলাম রাজুকে গ্রেফতার করেছে পুলিশ। প্রধানমন্ত্রীকে অবমাননা করা হয়েছে দাবি করে জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কাজী এনামুল হক মিলন বাদী হয়ে তথ্য প্রযুক্তি আইনে শুক্রবার রাতে এ মামলা দায়ের করেন।

মামলার বিবরণে জানা গেছে, হাটগোপালপুর বাজারে কম্পিটারের ব্যবসায়ীক দোকান খান মোবাইল হাউজে প্রধানমন্ত্রীর ব্যঙ্গাত্মক একটি ভিডিওচিত্র পাওয়া যায়। কয়েকটি স্থিরচিত্র একসাথে করে একটি অডিও গান দিয়ে ভিডিওচিত্রটি তৈরী করা হয়। ওই দোকান থেকে এলাকার লোকজনের মোবাইলের মেমোরিকার্ডে ভিডিওটি সরবরাহ করার অভিযোগ ওঠে। এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে একটি কম্পিউটার জব্দ করে। মামলায় সদর উপজেলার তিওড়দাহ গ্রামের মৃত কদম আলীর ছেলে লিমন হোসেন লাল (২২) ও পুটিয়া গ্রামের মৃত জব্বার খানের ছেলে দোকান মালিক রেজাউল ইসলাম রাজুকে (৪০) আসামী করা হয়েছে। এদিকে হাটগোপালপুর বাজারের খান মোবাইল হাউজের মালিক রেজাউল ইসলাম রাজু সাংবাদিকদের জানান, তিনি স্থানীয় হুদাপুটিয়া বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এই ঘটনার সাথে তিনি জড়িত নন। একটি মহল ষড়যন্ত্র করে তাকে ফাঁসানোর জন্য ভিডিওটি সরবরাহ করেছে।
মামলার বাদী জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কাজী এনামুল হক মিলন বলেন, এ ধরণের ভিডিওচিত্র তৈরী করে প্রধানমন্ত্রীকে অবমামনা করা হয়েছে। তাই জড়িতদের শাস্তির দাবিতে তিনি মামলাটি দায়ের করেছেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাবুদ্দীন আজাদ জানান, এ ঘটনায় তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়েরের পর একজনকে গ্রেফতার করা হয়েছে। মামলার তদন্ত চলছে।
ঝিনাইদহ স্বাস্থ্য বিভাগে ডেপুটেশন বাণিজ্য
মন্ত্রনালয়ের আদেশ অমান্য করে ১৪ জন ডাক্তারকে সদর হাসপাতালে সাময়িক বদলি

ঝিনাইদহ স্বাস্থ্য বিভাগে জমজমাট ডেপুটেশন বাণিজ্য চলছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জারি করা আদেশ অমান্য করে ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রে নতুন নিয়োগ করা ১৪ জন ডাক্তারকে সদর হাসপাতালে সাময়িক বদলি করা হয়েছে। বহুল আলোচিত ঝিনাইদহের সিভিল সার্জন ডা. আবদুস সালাম এমনটি করেছেন বলে জানা গেছে। এ কর্মকর্তার বিরুদ্ধে নানা অনিয়ম, দুর্নীতি সহ স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। তাকে ঘিরে স্থানীয় ডাক্তাররা প্রকাশ্য দুইভাগে বিভক্ত হয়ে পড়েছেন ।
সংশ্লিষ্ট দফতর সূত্র জানায়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব একেএম মুখলেচুর রহমানের স্বাক্ষরে ২০ আগস্ট জারি করা নিয়োগপত্রের ঙ নাম্বারে উল্লেখ করা হয়েছে, মন্ত্রণালয়ের পূর্বানুমোদন ব্যতীত নবনিয়োগকৃত কোনো কর্মকর্তাকে দুই বছরের পূর্বে অন্য কোনো পদে বা কর্মস্থলে বদলি করা যাবে না। ঝিনাইদহের সিভিল সার্জন এ আদেশ অমান্য করে ২৮ আগস্ট ২১৬৬ ও ২১৬৭নং স্মারকে পৃথক দুটি পত্রে নতুন যোগদান করা ১৪ জন ডাক্তারকে সাময়িকভাবে বদলি করেন। একই পত্রে তাদের সদর হাসপাতালের বিভিন্ন বিভাগে দায়িত্ব পালনের জন্য নির্দেশ দেন। নির্দেশ মোতাবেক ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের ডা. রুবাইয়াত ইবনে হাসান, কুমড়াবাড়িয়া উপ-স্বাস্থ্য কেন্দ্রের ডা. রুবনা পারভীন, সুরাট উপস্বাস্থ্য কেন্দ্রের শাহনেওয়াজ ইবনে কাশেম, দোগাছি ডা. তাসনীমুল খায়ের শোভন, ঘোড়াশাল ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের ডা. আতাউর রহমান, মহারাজপুরের ডা. অন্তরা রাহুত, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ের ডা. এসএম মাসুদুজ্জামান ও ডা. কামরুন্নাহার এবং একই উপজেলার নলডাঙ্গার ডা. জাহিদুল হাসান, কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রে ডা. নাজনীন সুলতানা, মহেশপুর নেপা ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের ডা. দেবাশীষ রায়, শৈলকুপার কচুয়া উপ-স্বাস্থ্য কেন্দ্রের ডা. ইফরাত তাসনীম, সাররুটয়া ডা. ফাহমিদা হক ও শৈলকুপা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের শূন্য পদে যোগদান করা ডা. মিথিলা ইসলাম এখন সদর হাসপাতালে কাজ করছেন। উল্লেখ করা ব্যক্তিদের বেশ কয়েকজন স্থানীয় ড্যাব নেতাদের ছেলে-মেয়ে।
সূত্র জানায়, ৩৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ ৮৩ জন ডাক্তার এ জেলায় নিয়োগ দেয়া হয়েছে। জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রে ৭৫টি শূন্য পদের বিপরীতে তাদের নিয়োগ দেয়া হয়। পদ খালি না থাকায় ৮ জনকে ওএসডি করা হয়েছে। এরা পর্যায়ক্রমে কাগজপত্রে ২৭ আগস্ট পর্যন্ত স্ব স্ব কর্মস্থলে যোগদান করেন। একাধিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সঙ্গে কথা বলে জানা যায়, তারা নতুন নিয়োগ করা ডাক্তারদের কর্মস্থলে দেখছেন না। অভিযোগ করা হয়েছে, সারা দেশের মতোএ জেলায় ডেপুটেশন বাণিজ্য চলছে। সূত্র মতে সদর উপজেলার সাধুহাটী ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রসহ কয়েকটি উপ-স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার যুগ যুগ ধরে ডেপুটেশনে অন্যত্র লোক দেখানো চাকুরি করছেন। এরা নাম মাত্র চাকুরি করেন। মূলত তারা ক্লিনিক ও বেসরকারি হাসপাতালের স্বনামে বেনামে মালিক।
দায়িত্বশীল একটি সূত্র জানায়, দেড় মাসের ছুটি নিয়ে গত ৩১ আগষ্ট সৌদি আরবে চলে গেছেন সিভিল সার্জন ডা: আব্দুস সালাম। এ ব্যাপারে তিনি বলেন, আমি এখন কথা বলতে পারছি না। দেড় মাস অপেক্ষা করুন। তিনি কুষ্টিয়ার খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা থেকে পদোন্নতি নিয়ে দুই মাস আগে ঝিনাইদহে সিভিল সার্জন হিসেবে বদলি হয়ে আসেন। তার যোগসাজসে সম্প্রতি সদর হাসপাতালে ওষুধ ও যন্ত্রপাতি সরবরাহের এক টাকার কাজ ভাগবোটোয়ারা করে নেওয়া হয়েছে।
এদিকে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ঝিনাইদহ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাশিদা সুলতানা ডেপুটেশনের খবরের সত্যতা স্বীকার করেন। তিনি জানিয়েছেন, উপজেলা ও ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের অস্তিত্ব না থাকায় নতুন নিয়োগকৃত ডাক্তারদের মধ্য থেকে ১৪ জনকে সদর হাসপাতালে সাময়িক ভাবে দায়িত্ব পালন করতে বলা হয়েছে। ছুটিতে থাকা সিভিল সার্জন এ ধরনের আদেশ জারি করেছেন। এদিকে সরকারের আদেশ অমান্য করে সিভিল সার্জনের ডেপুটেশনের আদেশ বাতিলের দাবি জানান সাধারণ মানুষ।
উনিশ লাখ মানুষের চিকিৎসাসেবা দেবার জন্য স্থাপিত হয়েছিল ঝিনাইদহ সদর হাসপাতাল। কিন্তু এখন সেটি নিজেই যেন রোগী। কম শয্যাসংখ্যা, জনবল সংকট, সিভিল সার্জন ও আরএমও’র দুর্নীতির কারণে কাঙ্খিত সেবা দিতে পারছে না হাসপাতালটি। একশ শয্যার এই হাসপাতালটিতে প্রতিদিন গড়ে সাতশ থেকে প্রায় এক হাজার রোগী চিকিৎসা নিতে আসেন। এর মধ্যে সেখানে ভর্তি হন নব্বই থেকে একশ দশ জন। বহির্বিভাগ ও অন্তঃবিভাগে (ইনডোর-আউটডোর) প্রতিদিন যে সংখ্যক রোগীর চাপ সেই তুলনায় এখানে শয্যা নেই। বেশির ভাগ রোগীকে তাই হাসপাতালের বারান্দা ও মেঝেতে বিছানা করে চিকিৎসা নিতে হয়। সেই সঙ্গে মিলছে না সব ধরনের ওষুধ। অভিযোগ রয়েছে, হাসপাতালের কর্মকর্তারা অধিকাংশ ওষুধ গোপনে বিভিন্ন ফার্মেসীতে বিক্রি করে থাকেন। এর উপর আবার পঞ্চাশ শয্যার জনবল দিয়ে একশ শয্যার এই হাসপাতালটি চলছে খুঁড়িয়ে।
ঝিনাইদহ পলিটেকনিক ইনষ্টিটিউটের অধ্যক্ষের দুর্নীতির প্রতিবাদে
শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও মানববন্ধন
ঝিনাইদহ পলিটেকনিক ইনষ্টিটিউটের অধ্যক্ষের দুর্নীতির প্রতিবাদে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও মানব বন্ধন কর্মসুচী পালন করেছে। শনিবার সকাল ১১টার দিকে এ সব কর্মসুচী পালন করা হয়।
ঝিনাইদহ পলিটেকনিক ইনষ্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মুনির হোসেনসহ ৪ জন শিক্ষকের দুর্নীতির প্রতিবাদে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে রাস্তায় নেমে আসে। তারা ঝিনাইদহ-মাগুরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রর্দশন করে। এর পর মহাসড়কে দুই পাশে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে। সে সময় সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। মানববন্ধন কর্মসুচী চলাকালে পলিটেকনিক ইনষ্টিটিউট শাখা ছাত্রলীগের সভাপতি সাগর আহম্মেদ, সম্পাদক খায়রুল বাশার ও ছাত্রনেতা সম্রাট হোসেন সহ অনেকে বক্তব্য দেন।
শিক্ষার্থীরা বলেন, ইনষ্টিটিউট অধ্যক্ষ মুনির হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়মের মাধ্যমে দুর্নীতি করে আসছে। ছাত্রদের কাছ থেকে প্রতি সেমিষ্টারে অবৈধভাবে ১২শত করে টাকা নেওয়া হয়। আর দাবিকৃত টাকা না দিলে তাদেরকে ফেইল করিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এ ছাড়াও জাতীয় ও বিভিন্ন অনুষ্ঠানাদি না করে খরচ দেখানো হয়। এ ছাড়াও ঠিকমত ক্লাস নেওয়া হয় না। তারা অধ্যক্ষসহ তার চার সহযোগী শিক্ষকের অপসারন দাবি করে। এ ব্যাপারে অধ্যক্ষের বক্তব্য নিতে গেলে তার কক্ষ তালাবদ্ধ পাওয়া যায়।



















