তিস্তার ডানতীরে স্থায়ী সড়ক ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণে ১০৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছে পাউবো
সাখাওয়াত হোসেন লাবু, রংপুর : দু’সপ্তাহের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অবিরাম বর্ষণে তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করায় আকস্মিক বন্যায় রংপুরের ৩টি উপজেলার ১৫টি ইউনিয়নের ২৭টি চর, শতাধিক গ্রাম প্লাবিত হওয়ায় এসব এলাকার ২৫ হাজার মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েক দফা বন্যায় ৫ শতাধিক ঘরবাড়ি, ১ হাজার হেক্টর জমির রোপা আমন, কয়েক’শ গবাদী পশু, কয়েক হাজার হাঁস-মুরগী, ফলবান বৃক্ষ বানে ভেসে গেছে। পানি কমে যাওয়ায় ভাঙ্গনের কারণে গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের পাইকান ব্যাঙপাড়া, হাজীপাড়া, পীরপাড়া, কোলকোন্দ ইউনিয়নের সাউথপাড়া, চিলাখাল, ছালাপাক, ল²িটারী ইউনিয়নের পূর্ব ইচলী, পশ্চিম ইচলী, শংকরদহ, গান্নারপাড়, কাউনিয়া উপজেলার হারাগাছ সারাই, শহীদবাগের শাব্দীচর, বালাপাড়ার ঢুষমারার চর, পীরগাছার তাম্বুলপুরের রহমতের চর, ছাওলার কাশিয়াবাড়ির চরসহ বিভিন্ন নিচু এলাকার ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান বিলীন হয়েছে। ২ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ ডাইক বাঁধ ভেঙ্গে যাওয়ায় হুমকির মুখে পড়েছে তিস্তা ডানতীর। নদী ভাঙ্গন রোধে স্থায়ী সমাধান, ভাঙ্গন কবলিত ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত ত্রান সহায়তা, কৃষি ও মৎস্যজীবীদের ক্ষতিপূরণসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করে আসছে এলাকাবাসী। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা ও রংপুরের জেলা প্রশাসক ফরিদ আহাম্মদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন। ইতোমধ্যে ভাঙ্গন কবলিত এলাকায় যে নগদ টাকা ও ত্রানের চাউল বিতরণ করা হয়েছে তা অপর্যাপ্ত বলে এলাকাবাসী জানিয়েছেন। জেলা ত্রাণ বিভাগ জানিয়েছে, বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য গঙ্গাচড়া উপজেলায় ৫৯ মেট্রিক টন চাউল, ২ লাখ টাকা ও কাউনিয়া উপজেলায় ৭৬ হাজার ৫’শ টাকা, ৭ মেট্রিক টন চাউল এবং পীরগাছা উপজেলার জন্য মাত্র ৬ মেট্রিক টন চাউল বরাদ্দ দেয়া হয়েছে। গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম ও কোলকোন্দ ইউনিয়নের চেয়ারম্যান মমিনুল ইসলাম জানিয়েছেন, আলমবিদিতর, নোহালী ও কোলকোন্দ ইউনিয়নের নদী ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ড তিস্তার ডানতীরে পাকা সড়ক নির্মাণ ও স্থায়ী বন্যা নিয়ন্ত্রণ বাঁধ তৈরির জন্য ১’শ ৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। তবে বর্ষায় কাজ না করে শুকনো মৌসুমে কাজ হবে বলে জানান তারা।



















