ads

বুধবার , ৩ সেপ্টেম্বর ২০১৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের দাবিতে বৃহস্পতিবার ১০ মিনিটের জন্য স্তব্ধ হচ্ছে রংপুর : অবিলম্বে গ্যাস সরবরাহের দাবি বিভিন্ন মহলের

খবর টি পড়েছেন : ১৯০
পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের দাবিতে বৃহস্পতিবার ১০ মিনিটের জন্য স্তব্ধ হচ্ছে রংপুর : অবিলম্বে গ্যাস সরবরাহের দাবি বিভিন্ন মহলের
পড়ার সময়: ৫ মিনিট
ফন্ট:

রংপুর প্রতিনিধি  : পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের দাবিতে আগামীকাল বৃহস্পতিবার ১০ মিনিটের জন্য স্তব্ধ হচ্ছে রংপুর। এর মধ্যদিয়ে গ্যাসের দাবিতে বৃহত্তর রংপুর গ্যাস আন্দোলন কমিটির আন্দোলনে নতুন মাত্রা যোগ হচ্ছে। ঘড়ির কাঁটা ১১টা বাজার সাথে সাথে দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, অফিস-আদালতে যে যেখানেই থাকবে সেখানেই থমকে যাবে। চলবে না হাত, হবে না কোন কাজ। ঘুরবে না গাড়ির চাকা। বাজবে না হুইসেল। স্তব্ধ হয়ে পড়বে নগরীও। এই সুনশান নিরবতা চলবে ১০ মিনিট। বৃহত্তর রংপুর গ্যাস আন্দোলন কমিটির ডাকে আগামীকাল সকাল ১১টা থেকে ১১টা ১০ মিনিট পর্যন্ত এই স্তব্ধ কর্মসূচি পালন করবে নগরবাসী। কর্মসূচি সফল করার লক্ষে গত কয়েক দিন থেকে নগরীর প্রতিটি পাড়া-মহল্লায় মাইকিং, প্রচারণা ও লিফলেট বিতরণ করা হচ্ছে। রংপুর সিটি কর্পোরেশনের মেয়র ও বৃহত্তর রংপুর গ্যাস আন্দোলন কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সরফুদ্দিন আহমেদ ঝন্টু বলেন, ১০ মিনিটের স্তব্ধ কর্মসূচি পালনে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। যে যেখানেই থাকবেন ১০ মিনিটের জন্য কাজ বন্ধ, হাঁটা-চলা বন্ধ করবেন। তিনি দলমত নির্বিশেষে স্বতঃস্ফুর্তভাবে নগরবাসীকে কর্মসূচি পালনের আহবান জানান। তিনি বলেন, এটা আমাদের গণদাবি। রংপুরবাসীর প্রাণের দাবি পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করা না হলে গণঅনশন, পাড়ায়-মহল্লায় গণবিক্ষোভ ও লাগাতার হরতাল কর্মসূচির মাধ্যমে দাবি আদায় করা হবে। এদিকে বেকারত্ব দূর, রংপুরের উন্নয়ন, শিল্প কলকারখানা স্থাপনে অবিলম্বে রংপুর বিভাগের গ্যাস সরবরাহের দাবি জানিয়েছেন বিভিন্ন মহল।
জানা যায়, রংপুর একটি ঐতিহাসিক এবং ঐতিহ্যমন্ডিত প্রাচীন শহর। এই শহরের সাথে যুক্ত মাওলানা কেরামত আলী, মহিয়সী নারী বেগম রোকেয়া, সাংবাদিক মোনাজাত উদ্দিন, রাজা রাম মোহন রায়সহ অনেক কালজয়ী গুণি মানুষের স্মৃতি। রংপুরে আছে বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী মরহুম ড. এমএ ওয়াজেদ মিয়া, প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্বশুরালয়, ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা রংপুরের কৃতি সন্তান প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা বিশিষ্ট কম্পিউটার বিজ্ঞানী সজীব ওয়াজেদ জয়ের পৈত্রিক নিবাস, জাতীয় পার্টির (এ) চেয়ারম্যান এইচএম এরশাদের পৈত্রিক নিবাস, রওশন এরশাদের শ্বশুরালয়সহ সহ এ রকম আরও অতি গুরুত্বপূর্ণ মানুষের ঠিকানা এই রংপুর। নগরীতে রয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, কারমাইকেল কলেজ, রংপুর মেডিক্যাল কলেজ, রংপুর সরকারী কলেজ, সরকারী বেগম রোকেয়া কলেজ, ঐতিহ্যবাহী তাজহাট জমিদার বাড়ি। রয়েছে শত শত বছরের নানান ঐতিহ্য। শত বছরের এই পুরনো শহরের মানুষগুলো দিনের পর দিন বঞ্চিত হয়ে আসছেন। হচ্ছেন বৈষম্যের শিকার। এই শহরের মানুষগুলোকে করা হচ্ছে বঞ্চিত আর অবহেলিত। রংপুর বিভাগ হয়েছে, সিটি কর্পোরেশন হয়েছে। নাগরিক সেবার মানও বৃদ্ধি পেয়েছে। উন্নত হয়েছে জীবনযাত্রার মান। এখন রংপুরবাসীর প্রাণের দাবি পাইপ লাইনের মাধ্যমে রংপুরে গ্যাস সরবরাহ করা। রাজশাহী, খুলনা ও বগুড়াসহ সারাদেশে অনেক স্থানে গ্যাস দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার পুত্র তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা বিশিষ্ট কম্পিউটার বিজ্ঞানী সজীব ওয়াজেদ জয় রংপুরে গ্যাস সরবরাহের ঘোষণা দিয়েছেন। তাই রংপুরে গ্যাস সরবরাহ করা হলে তার নামকরণ করা হবে ‘জয় গ্যাস’। কিন্তু রংপুরবাসীর সাথেই বিমাতা সূলভ আচরণ করা হচ্ছে। বলা হচ্ছে, সরু পাইপ লাইন। এ কারনে গ্যাস সরবরাহ করা হচ্ছে না। শুধু আঞ্চলিক বৈষম্য রাখতেই এমন মিথ্যা অজুহাত দিয়ে রংপুরের সহজ-সরল মানুষদের প্রাপ্যতা থেকে বঞ্চিত করা হচ্ছে। গ্যাস না থাকায় রংপুরের উন্নয়ন ব্যাহত হচ্ছে। বেকারত্ব বাড়ছে। উদ্যোক্তা থাকলেও গ্যাসের কারণে এখানে শিল্প কারখানা স্থাপন করা সম্ভব হচ্ছে না। যেখানে মাত্র ৪’শ টাকায় পুরো মাসের জ্বালানী খরচ হয় সেখানে ৩ হাজারেরও বেশি টাকা লাগছে। রংপুর ছেড়ে কর্মসংস্থানের জন্য যেতে হচ্ছে দক্ষিণাঞ্চলে। গত ৩ আগস্ট রংপুর সিটি কর্পোরেশন আয়োজিত সুধী সমাবেশে রংপুরে অবিলম্বে পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করা না হলে সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে মানববন্ধন, গণঅনশন, সমাবেশ ও ঝাড়– মিছিলের মাধ্যমে দাবি আদায়ের আন্দোলন শুরু করা হবে বলে ঘোষণা দেন সিটি মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু। এরই অংশ হিসেবে ১০ আগষ্ট মানববন্ধন, সমাবেশ ও সাইকেল র‌্যালী এবং ১১ আগস্ট কয়েক হাজার নারী-পুরুষ ও শিশুদের স্বতঃস্ফ‚র্ত অংশগ্রহণে মানববন্ধন, সমাবেশ এবং লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়।
হিউম্যান রাইটস এ্যান্ড পিস ফর বাংলাদেশ রংপুর জেলা আহবায়ক এ্যাডভোকেট এমএ বাশার টিপু বলেন, পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ না থাকায় উত্তর জনপদের বিশেষ করে রংপুর বিভাগে কোন শিল্প কলকারখানা গড়ে উঠছে না। গ্যাসের না থাকায় রংপুরে বিভাগে ইকোনমিক জোন অদ্যাবধি স্থাপিত হয়নি এবং রংপুর অঞ্চলের অর্থনৈতিক ক্ষেত্রে উন্নয়নের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না। অন্যান্য অঞ্চলে গ্যাসের সরবরাহের কারণে স্বল্প খরচে বিভিন্ন রকমের উন্নয়ন হচ্ছে, শিল্পজাত পন্য ও কৃষিজাত পন্য উৎপাদিত হচ্ছে। কিন্তু উত্তর জনপদে গ্যাস না থাকার কারণে অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি হয়েছে। এছাড়া প্রতিদিন হাজার হাজার বৃক্ষ কর্তনের কারণে প্রাকৃতিক ভারসাম্য হারিয়ে ফেলছে। অচিরেই রংপুর বিভাগে গ্যাস সরবরাহ করতে হবে। অন্যথায় উত্তর জনপদের মানুষ বৃহত্তর আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে।
রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রি’র প্রেসিডেন্ট মোস্তফা সোহরাব চৌধুরী টিটু পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের দাবিতে যে আন্দোলন শুরু হয়েছে তাকে সাধুবাদ জানিয়ে বলেন, বাংলাদেশের উত্তরাঞ্চল তথা নব গঠিত রংপুর বিভাগ দেশের উন্নয়নের মূল স্রোতধারা থেকে পিছিয়ে পড়ছে। দেশের খাদ্য চাহিদার ৫০ ভাগ এবং কৃষিভিত্তিক শিল্পের প্রায় ৭০ ভাগ কাঁচামাল সরবরাহ করা হলেও এ অঞ্চলে অদ্যাবধি গ্যাসের অভাবে কাঁচামাল বা কৃষিভিত্তিক শিল্পকারখানা গড়ে তোলা সম্ভব হয়নি। ফলে এ অঞ্চলের দারিদ্র্য ও বেকারত্ব ক্রমশই বাড়ছে। দেখা দিচ্ছে সামাজিক নানা সমস্যা। গ্যাস প্রাপ্যতার কারণেই দেশের পূর্বাঞ্চলে গ্যাসভিত্তিক অর্থনৈতিক কর্মকান্ড বিকশিত হয়েছে। গ্যাস সরবরাহ ছাড়া এ অঞ্চলে শিল্প বিকাশের সম্ভাবনা খুবই দুরূহ। ফলে এ বিভাগে কোন শিল্প বিকাশ ঘটছে না। তাই শিল্পায়নের স্বার্থে এ অঞ্চলে পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের দ্রুত পদক্ষেপ গ্রহণ করা এখন সময়ের দাবি। রংপুর বিভাগে পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করা হলে নতুন নতুন শিল্প-কারখানা স্থাপনের মাধ্যমে এ অঞ্চলের অসংখ্য লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে। নতুন প্রজন্ম শিক্ষা, বাসস্থান, বস্ত্র ও স্বাস্থ্য সেবা পাবে- ফলে রংপুর বিভাগ একটি উন্নত সুখী সমৃদ্ধশালী বিভাগ হিসেবে পরিগণিত হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ পানি কমলেও ভাঙ্গন অব্যহত : ৩টি উপজেলার ৫… পরবর্তী সংবাদ ঝালকাঠি সদর উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে ব্যানবেইস ডাটাবেজ…

সর্বশেষ -

Shamol Bangla Ads
Shamol Bangla Ads