পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় অপহরণের দু’সপ্তাহ পর পুলিশ অপহৃত ভিকটিম স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে। এ ঘটনায় অপহরণকারীসহ দু’যুবককে আটক করা হয়েছে। গত মঙ্গলবার ঢাকা থেকে ভিকটিমকে উদ্ধার ও অপহরণকারীদেরকে আটক করা হয় বলে থানা পুলিশ জানিয়েছে। জানা গেছে, গত ১৮ আগস্ট মাহমুদকাটি গ্রামের মারুফ গাজীর ষষ্ঠ শ্রেণী পড়–য়া কন্যা অপহৃত হয়। ঘটনার একদিন পর ছাত্রীর পিতা বাদী হয়ে একই এলাকার রামপদ দাশের পুত্র রনজিত কুমার দাশ (২০) সহ ৫জনকে আসামী করে থানায় অপহরণ মামলা করে। যার নং- ২৮। ঘটনার দু’সপ্তাহ পর গত মঙ্গলবার ঢাকার দারুস সালাম থানা পুলিশ গাবতলীর বড় বাজার এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার ও অপহরণকারী রনজিত এবং তার সহযোগী দক্ষিণ সলুয়া গ্রামের মৃত উদয় শিকদারের পুত্র দিপংকর শিকদারকে আটক করে পাইকগাছা থানা পুলিশের নিকট সোপর্দ করে। এ ব্যাপারে তদন্ত কর্মকর্তা এস,আই আব্দুল খালেক হাওলাদার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপহরণকারী ঘটনার সত্যতা স্বীকার করেছে। বুধবার আটককৃতদের আদালতে সোপর্দ ও ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে তিনি জানান।
পাইকগাছায় শরিক প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

খুলনার পাইকগাছায় সুশীলন শরিক প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সুইস এজেন্সি ফর ডেভলপমেন্ট এণ্ড কো-অপারেশনের সহায়তায় ও হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন-বাংলাদেশ-এর উদ্যোগে বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে শরিক প্রকল্প, খুলনার আঞ্চলিক সমন্বয়কারী বিলকিস বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স.ম. বাবর আলী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন। অনুষ্ঠানে শরিক কর্মসূচীর পটভূমি এবং ভৌগলিক প্রেক্ষাপটের উপর ধারণাপত্র উপস্থাপন করেন শরিক প্রকল্পের প্রোগ্রাম অফিসার আশফাকুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শরিফুল ইসলাম, কৃষি অফিসার বিভাস চন্দ্র সানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুল হক জোয়াদ্দার, মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, পল্লী উন্নয়ন কর্মকর্তা আরিফুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, সমবায় কর্মকর্তা এফ,এম, সেলিম আকতার, নির্বাচন কর্মকর্তা মোঃ হযরত আলী, জনস্বাস্থ্য ও উপসহকারী প্রকৌশলী শেখ সরফরাজ আলী, সহকারী মৎস্য কর্মকর্তা এস,এম, শহীদুল্লাহ, অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, শরিক প্রকল্পের প্রোগ্রাম অফিসার ফিরোজ আহম্মেদ, সৈয়দা ফরিদা ইয়াসমিন, সুশীলনের টিম লিডার শিপক চন্দ্র দে, প্রদীপনের কামরুন্নাহার ও গণমাধ্যম ব্যক্তিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।



















