স্টাফ রিপোর্টার : শেরপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে স্কুল শিক্ষার্থীদের জন্য ৩ দিনব্যাপী বুনিয়াদী ও প্রাথমিক চিকিত্সা সেবা প্রশিক্ষণ ২ সেপ্টেম্বর মঙ্গলবার শেষ হয়েছে। জাপান-বাংলাদেশ আন্তর্জাতিক বন্ধুত্ব প্রকল্পের আওতায় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির যুব ও স্বেচ্ছাসেবক বিভাগ ওই প্রশিক্ষণের আয়োজন করে।

এতে রেডক্রিসেন্টের আদর্শ, উদ্দেশ্য এবং জরুরী ও প্রাথমিক চিকিত্সা সেবা সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। কেন্দ্রীয় রেডক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তা ফারুল ইকবাল পলো, মিনাল কান্তি রায় ও ইউনিট অফিসার আব্দুল মোতালেব এ প্রশিক্ষণটি পরিচালনা করেন। জেলার ১০ টি মাধ্যমিক বিদ্যালয়ের ১০০ জন ছাত্র-ছাত্রী এ প্রশিক্ষণে অংশগ্রহণ করে।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহনকারী শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরন করেন রেডক্রিসেন্ট সোসাইটি শেরপুর জেলা ইউনিটের সাধারন সম্পাদক ফখরুল মজিদ খোকন। এসময় রেডক্রিসেন্ট শেরপুর ইউনিটের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্বেচ্ছাসেবক ও বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।



















