কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : অপরাধ দমন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করার লক্ষে সোমবার দুপুরে গাজীপুরের কালীগঞ্জ থানার উদ্যোগে থানা চত্বরে জেলায় সদ্য যোগদানকারী পুলিশ সুপারের সাথে মত বিনিময় সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল হক ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, জেলার অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় ও দেলোয়ার হোসেন, কালীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার শফিউর রহমান, কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভাস্কর দেবনাথ বাপ্পী, পৌরসভার মেয়র লুৎফুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমজাদ হোসেন স্বপন, উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি এবিএম তারিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক পরিমল চন্দ্র ইউপি চেয়ারম্যান আবুবকর মিয়া বাক্কু, শরীফুল ইসলাম তোরণ, মোফাজ্জল হোসেন, সাংবাদিক আব্দুর রহমান আরমান, আলআমিন দেওয়ান, প্রমূখ। বক্তারা বলেন, কালীগঞ্জের অনেক জায়গায় মাদক বেচাকেনা হচ্ছে, এ ব্যাপারে স্থানীয় নেতৃবৃন্দ এবং পুলিশ প্রশাসন আন্তরিক হলে কালীগঞ্জ থেকে মাদক নির্মূল করা সম্ভব হবে।
পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, কালীগঞ্জে প্রতি মাসে একবার ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হবে। মাদকসহ যে কোন ধরনের অপরাধ আন্তরিকতার সাথে দমন করা করা হবে। বিশেষ করে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।

কালীগঞ্জে শীতলক্ষা নদী থেকে যুবতীর লাশ উদ্ধার
গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার মুলগাঁও এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে এক যুবতীর লাশ উদ্ধার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, গতকাল সোমবার দুপুরে মুলগাঁও এলাকায় শীতলক্ষ্যা নদীতে যুবতীর লাশ পানিতে ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। যুবতীর পরনে ছিল লাল রংয়ের সেলোয়ার ও টিয়া রংয়ের কামিজ। পরে পুলিশ লাশটি উদ্ধার করলে যুবতীর পরিচয় পাওয়া যায়। বাহাদুরসাদী ইউপি সদস্য আব্দুর রহিম জানান, খলাপাড়া গ্রামের সফিজউদ্দিনের ভারসাম্যহীন মেয়ে খালেদা আক্তার (২০) গত দু’দিন আগে ঘোড়াশাল রেল ব্রীজের উপর থেকে শীতলক্ষা নদীতে পড়ে যায় বলে এলাকাবাসী জানায়। পুলিশ ঘটনাস্থল থেকে তার মৃতদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করেন।



















