পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি : পেকুয়ায় শিলাখালীর জারুলবুনিয়া ষ্টেশনে আলোচিত গণডাকাতি মামলার বাদীকে দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেছে। ১ সেপ্টেম্বর বিকাল ৫টার দিকে উত্তর জুম লম্বামোড়া এলাকায় নিজস্ব জমিতে ধান রোপন করতে গেলে পূর্ব থেকে উৎপেতে থাকা দূর্বৃত্তরা তার ওপর আক্রমণ করেছে বলে স্থানীয়রা জানিয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলেন, জারুলবুনিয়া ষ্টেশনের গণডাকাতি মামলার অন্যতম আসামী ডাকাত তাজর মুল্লুকের শ্যালক সিদ্দিক আহমদের ছেলে হাবিবউল্লাহ স্বশস্ত্র সন্ত্রাসীদের নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে ওই মামলার বাদী জারুলবুনিয়া ষ্টেশণের ব্যবসায়ী নুর মোহাম্মদকে কুপিয়ে মারাত্মক আহত করে। পরে স্থানীয় লোকজন নুর মোহাম্মদকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা শেষে তাকে আশংকাজনক অবস্থায় চমেক হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। পেকুয়া হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন নুর মোহাম্মদকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করায় সংজ্ঞাহীন ও আশংকা জনক অস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়েছে। স্থানীয় ব্যবসায়ী ও লোকজন বলেন, প্রকাশ্য দিবালোকে চাঞ্চল্যকর একটি ডাকাতি মামলার বাদীকে নির্মম ভাবে আঘাত করায় শিলখালীর পাহাড়ি এলাকায় আবারো আতংক ছড়িয়ে পড়েছে।
পেকুয়ায় সড়ক দূর্ঘটনায় মাদরাসা ছাত্র আহত

পেকুয়ায় সড়ক দূর্ঘটনায় এক মাদরাসা ছাত্র গুরুতর আহত হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, ১সেপ্টম্বর বিকাল ৫টা ৪৫মিনিটের সময় আঞ্চলিক মহাসড়কের নন্দীর পাড়া ষ্টেশনের উত্তর পাশে ফুলকলি কোম্পানীর কাভারভ্যান দ্রুতগতিতে ধাক্কা দিলে নন্দীর পাড়া নুরানী মাদ্রাসার ছাত্র ও স্থানীয় জয়নাল আবেদীনের ছেলে রকিবুল ইসলাম(৮) গুরুতর আহত হয়। আহত রকিবকে পেকুয়া সরকারী হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে স্থানীয় লোকজন তাড়া করে ওই কাভারভ্যানকে আটক করেছে।



















