আজহারুল হক, গফরগাঁও (ময়মনসিংহ) : ধর্ষণের ফলে ময়মনসিংহের গফরগাঁওয়ে ৮ম শ্রেণীতে পড়–য়া এক স্কুল ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরে ধর্ষক কৌশলে ওই ছাত্রীকে চিকিৎসার নামে গফরগাঁও উপজেলা সদরে নিয়ে এসে এক ডায়াগণষ্টিক সেন্টারে ভয়-ভীতি দেখিয়ে গত বুধবার অবৈধ গর্ভপাত ঘটায়। পরে ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে গতকাল সোমবার গফরগাঁও উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় মডার্ন ডায়াগণষ্টিক সেন্টারের পরিচালককে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল দুপুরে গফরগাঁও থানায় নিয়ে আসে পুলিশ।

জানা যায়, উত্তরবন এম এইচ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর এক ছাত্রী তার নানা গফরগাঁও উপজেলার চরআলগী ইউনিয়নের চরমছলন্দ উত্তর নয়াপাড়া গ্রামের আঃ সাত্তারের বাড়িতে থেকে পড়াগুনা করে আসছিল। নানা বাড়িতে থাকার সুবাদে একই গ্রামের বাবর আলীর ছেলে মাহবুবের সাথে পরিচয় হয়। পরে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এক পর্যায়ে মাহবুব ওই ছাত্রীকে বেড়ানোর কথা বলে এক আত্মীয়ের বাড়িতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ধর্ষিতা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এ অবস্থায় ধর্ষক মাহবুব কৌশলে ওই ছাত্রীকে চিকিৎসার কথা বলে গফরগাঁও উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স সংলগ্ন মডার্ন ডায়াগণষ্টিক সেন্টারে আলট্রাসনোগ্রাম করে জানতে পারে মেয়েটি সাত মাসের অন্তঃসত্ত্বা। পরে ওই ডায়াগণষ্টিক সেন্টারে ভয়-ভীতি দেখিয়ে গত বুধবার অবৈধ গর্ভপাত ঘটায় বলে জানায় ধষিতা। এহেন পরিস্থিতিতে গতকাল সোমবার সকালে ধর্ষিতার পেটে প্রচন্ড ব্যাথা শুরু হলে পরিবারের সদস্যরা দ্রুত গফরগাঁও উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত ডাঃ দিলরুবা আক্তার আবারো আলট্রাসনোগ্রাম করে ধর্ষিতাকে হাসপাতালে ভর্তি করে। বর্তমানে ধর্ষিতা হাসপাতলে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার পর থেকে ধর্ষক পলাতক রয়েছে।
গতকাল দুপুরে হাসপাতালে গিয়ে কথা হয় ধর্ষিতার সাথে। সে জানায় মাহবুব চিকিৎসার কথা বলে আমাকে গফরগাঁওয়ে নিয়ে আসে। পরে মর্ডান ডায়াগষ্টিক সেন্টারে জোরপূর্বক ভয়-ভীতি দেখিয়ে আমার গর্ভের সন্তান নষ্ট করে। পরে এ ঘটনা কাউকে জানালে জীবনে মেরে ফেলার হুমকি দেয় মাহবুব।
ধর্ষিতার নানী রমিজা খাতুন বলেন, আমার নাতিকে বিয়ের প্রলোভন দেখিয়ে মাহবুব দীর্ঘদিন যাবত ধর্ষন করে আসছিল। যা আমরা কেউ জানতাম না। গত বুধবার বিয়ের কথা বলে নাতিকে গফরগাঁও নিয়ে এসে অবৈধ গর্ভপাত ঘটায়। পরে তা জানাজানি হলে সামাজিকভাবে বিয়ের জন্য চাপ সৃষ্টি করলে ধর্ষক মাহবুব আমার নাতিসহ পরিবারের অন্য সদস্যদের হত্যার হুমকি দেয়।
গফরগাঁও থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) সৈয়দ আব্দুল্লাহ বলেন, অবৈধ গর্ভপাত ঘটানোর অভিযোগে মডার্ন ডায়াগষ্টিক সেন্টারের পরিচালক আইনুলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ধর্ষনের মামলার প্রস্তুতি চলছে।



















