মনির হোসেন পাটওয়ারী,রামগঞ্জ (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার থানার পিছনে পৌর কসাইখানা সংলগ্ন ওয়াপদা বেড়ির পশ্চিম পার্শ্বে আল-রাজি নামের নকল সয়াবিন ও সরিষার তেলের কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। এর সাথে জড়িত থাকার অভিযোগে দু’জনকে আটক করা হয়েছে। এসময় নকল সয়াবিন ও সরিষার বোতল জাত নকল ও তেলের সরঞ্জামদি জব্দ না করে পুলিশ কারখানাটিতে তালা লাগিয়ে দেয়।

জানা গেছে, রামগঞ্জ থানার পিছনে পৌরসভার রতনপুরস্থ কসাইখানা সংলগ্ন ওয়াপদা বেড়ির পশ্চিম পার্শ্বে পানি উন্ন্য়ন বোর্ডের জায়গায় পৌর স্বেচ্চসেবক লীগের নেতা পেয়ার আলীর দোকান ঘর উঠিয়ে ভাড়া দেয় । রামগঞ্জ বাজারের ব্যবসায়ী তাহের ব্রাদার্সের মালিক আবদুর রহিম ভাড়াটে দোকানে দীর্ঘদিন ধরে পাম অয়েলের সঙ্গে বাজারের খোলা সয়াবিন তেল মিশিয়ে বোতলজাত করে প্রস্তুতকারক ঢাকার গাজীপুরস্থ গুড লাইফ বাংলাদেশ লিঃ এর আল-রাজি সয়াবিন তেলের লেবেল লাগিয়ে বাজারজাত করছিল। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে রামগঞ্জ থানার এসআই লুৎফর রহমানের নেতৃত্বে পুলিশ নকল সয়াবিন তেলের কারখানাটিতে অভিযান চালিয়ে নকল ভেজাল সয়াবিন ও সরিষার তেলের বোতলে লেবেল লাগানোর সময় পৌরসভার জগৎপুর গ্রামের সামছুল হক খোকনের ছেলে মোঃ কবির হোসেন (২৪) ও ভোলা জেলার বোরহান উদ্দিন থানার দেওলা গ্রামের মোঃ আলীর ছেলে মোঃ সজিবকে (২০) আটক করে কারখানাটিতে তালা লাগিয়ে দেয়। অভিযানের সময় কারখানার মালিক আবদুর রহিম কারখানায় ছিলেন না।
রামগঞ্জ থানার এসআই লুৎফর রহমান জানান, অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে খোলা তেলের বোতলে আল-রাজি সয়াবিন ও সরিষার তেলের ভুয়া লেবেল লাগিয়ে সাধারণ ক্রেতাদের ঠকিয়ে ও সরকারী রাজস্ব ফাকি অধিক মুনাফা করে আসছে। এমন কি ঐ অসাধু ব্যবসায়ী লেবেলে বিএসটিআইর নকল সিল ব্যবহার করেছে। অথচ বিএসটিআইর কোন অনুমোদন নেই। নকল সয়াবিন ও সরিষার তেলের কারখানা ও আটকের বিষয়টি উপজেলার ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্টেট কাজী মাহবুবুল আলমকে জানানো হয়েছে। তিনি সরেজমিনে এসে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।




