শ্যামলবাংলা ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, দেশব্যাপী সিরিজ বোমা হামলার সম্পর্কে আগে থেকেই জানতেন তখনকার প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তিনি বঙ্গবন্ধু এভিনিউতে ১৭ আগস্ট সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে ঢাকা মহানগর আওয়ামী লীগের আলোচনা সভায় ওই কথা বলেন।

এসমঢ তিনি আরও বলেন, কেবল তিনি জানতেনই না, এ সিরিজ বোমা হামলায় তার সরকার সহায়তাও দিয়েছে। কেননা খালেদা জিয়া দেশে আল কায়দা, তালেবানের মতো জঙ্গিগোষ্ঠী গড়ে তুলে স্বাধীনতার সপক্ষের শক্তিতে নিশ্চিহ্ন করতে চেয়েছিলেন।
সৈয়দ আশরাফ বলেন, খালেদা জিয়া ক্ষমতায় থেকে পৃষ্ঠপোষকতা দিয়ে বাংলাদেশে আল কায়দা-তালেবানদের মতো জঙ্গিদের প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। এ জন্যই জঙ্গিদের দিয়ে ২১ আগস্ট গ্রেনেড হামলা করে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছিলেন। সেদিন শেখ হাসিনা দৃঢ় প্রতিরোধ না গড়ে তুললে আজ বাংলাদেশের অবস্থা আফগানিস্তান, ইরাক, সিরিয়ার মতো হতো।’
মহানগর আওয়ামী লীগের সভাপতি এমএ আজিজের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, অ্যাডভোকেট সাহারা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, মহানগর সাধারণ সম্পাদক ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, কেন্দ্রীয় শ্রম সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, আবদুস সোবহান গোলাপ, হাজি মোহাম্মদ সেলিম এমপি, সাঈদ খোকন ও শাহে আলম মুরাদ।



















