শ্যামলবাংলা ডেস্ক : জাতীয় সংসদের হাতে ফিরছে বিচারক অপসারণের ক্ষমতা। এ সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধন আইন-২০১৪ এর খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। ১৮ আগষ্ট সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে আইনের খসড়াটিকে অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে দুপুর সাড়ে ১২টার দিকে মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের ওই তথ্য নিশ্চিত করেছেন।
সংশোধিত আইনের খসড়ার বিভিন্ন দিক তুলে ধরে তিনি বলেন, রাষ্ট্রপতি এবং সংসদের দুই-তৃতীয়াংশ সাংসদের অনুমতি ছাড়া সুপ্রিম কোর্টের কোন বিচারককে অপসারণ করা যাবে না।
মন্ত্রিসভা বৈঠকে নীতিগত অনুমোদন পাওয়ার পর বিধি অনুযায়ী আইনের খসড়া যাবে সংসদীয় স্থায়ী কমিটিতে। এরপর দশম সংসদের তৃতীয় অধিবেশনেই এ-সংক্রান্ত বিল উপস্থাপনের সম্ভাবনা রয়েছে। আইনটি সংসদে পাস হলে সংবিধানে ষোড়শ সংশোধন অন্তর্ভুক্ত হবে।
এদিকে সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়ার পর থেকেই বিতর্ক চলছে। সংবিধান বিশেষজ্ঞ ও আইনজ্ঞরা বলছেন, সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ একটি কাজ এভাবে তাড়াহুড়া করে করা ঠিক হচ্ছে না। এটি যেহেতু বিচার বিভাগ-সম্পর্কিত বিষয়, তাই এ নিয়ে পর্যাপ্ত আলোচনা হওয়া উচিত। আবার কেউ কেউ এ ক্ষেত্রে আইনের অপপ্রয়োগের আশঙ্কাও করছেন। এসব বিতর্কের মধ্যেই মন্ত্রিসভায় খসড়াটির অনুমোদন দেওয়া হলো।



















