কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের রমজানপুর গ্রামের বেরীবাঁধ রক্ষায় সোমবার সকাল ১০টায় স্থানীয়রা মানব বন্ধন কর্মসূচী পালন করেছে। ভাঙন কবলিত বাঁধের উপরে দাড়িয়ে ৫ শতাধিক নারী পুরুষ ঘন্টা ব্যাপী মানব বন্ধনে-আমরা বাচঁতে চাই, বেড়ীবাঁধ রক্ষা করুন, আমাদের ভিটা জমি বাচাঁও, এ স্লোগানের মাধ্যমে তাদের প্রানের দাবি তুলে ধরেন।

ভাঙন কবলিতরা জানান, রমজানপুর বেড়ীবাধের বাহিরে ৮শ ফুট প্রসস্থ ফসলী জমি ছিল কিন্তু ধীরে ধীরে তা নদীর গর্ভে বিলীন হয়ে এখন ফুলবুনিয়া লঞ্চঘাট থেকে ১ কিলোমিটার বাঁধ প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী বর্তমান সাংসদ মাহাবুবুর রহমান তালুকদার এমপি রমজানপুরের ভাঙন কবলিত বেরীবাঁধ পরিদর্শন করে বহুবার সংস্কারের প্রতিশ্রুতি দিলেও তা আজও বাস্তবায়িত হয়নি। ভুক্তভোগীরা জানান, তারা দিন কোন ভাবে পার করলেও রাত কাটে আতংকে মধ্যে। কখন যে বাঁধ ভেঙ্গে ভাসিয়ে নিয়ে যায় এ আশঙ্কায় তাদের নির্ঘুম রাত কাটে। ডালবুগঞ্জ ইউনিয়নের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আ: রহমান মাওলানা বলেন,সামনের পূর্নিমা ও অমাবশ্যার জোয়ারে বাঁধ ভেঙ্গে কয়েক শত ঘর বাড়ি,ঘের পুকুর, শত শত একর ফসলের ক্ষেত নদীর গর্ভে বিলীন হয়ে যাবে। বাঁধটি দ্রুত সংস্কার করা না হলে শত শত পরিবার তাদের বসত ভিটা হারাবে।



















