নাটোর প্রতিনিধি :

সদর উপজেলার হরিশপুর বাইপাস এলাকায় তেলবাহী লরি চাপায় দুই অটোরিক্সা যাত্রী নিহত হয়েছেন। এঘটনায় শিশু সহ আহত হয়েছে ৫জন। আহতদের মধ্যে আশংখাজনক অবস্থায় তানজিলা (১০) নাটোর এক শিশুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হচ্ছে, জেলার বাগাতিপাড়া উপজেলার মিস্ত্রিপাড়া গ্রামের বাড়ার উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৪২) এবং সদর উপজেলার রামাইগাছি এলাকার আফসার আলীর ছেলে জনাব আলী (৪০)।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম উদ্দিন জানান, মঙ্গলবার দুপুর ২টার দিকে তেলবাহী লরিটি রাজশাহী থেকে নাটোরে যাচ্ছিল। লরিটি সদর উপজেলার হরিশপুর বাইপাস এলাকায় পৌছিলে বিপরীত দিক থেকে আসা ৭/৮জন যাত্রীবাহী অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমরে মুচরে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হয়। আহত ৫ জনের মধ্যে ৪ জনকে নাটোর সদর এবং এক শিশুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে।
নাটোরে মাদক ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার
নাটোর রেল ষ্টেশন সংলগ্ন একটি পুকুর থেকে হিরা নামে এক মাদক ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। হিরা তেবাড়িয়া এলাকার বাসিন্দা।

পুলিশ ও এলাকাবাসী জানায়, হিরা দীর্ঘদিন থেকেই মাদক ব্যবসার সাথে জড়িত। মঙ্গলবার বেলা ১২টার দিকে নাটোর রেলষ্টেশনের উত্তর পার্শ্বের পুকুরে লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম উদ্দিন লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, কারা কি কারণে তাকে হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।



















