রংপুর প্রতিনিধি : রংপুর কারমাইকেল কলেজের দর্শন বিভাগের শিক্ষার্থী মেধাবী ছাত্র তৌকির আহমেদ তুষার হত্যাকারীকে গ্রেফতার এবং ফাঁসির দাবিতে আজ মঙ্গলবার মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে। কলেজের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ক্যাম্পাসে আজ সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ১ ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে সেখানে দর্শন বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী আনারুল ইসলাম মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দর্শন বিভাগের শিক্ষার্থী ইমরান সরকার, মনিরুজ্জামান মনির, আবু রায়হান বকসী, প্রদীপ রায়, হাফিজ আল আসাদ রুবেল, ফজলে রাব্বী ডিওন মন্ডল, আরিফুল ইসলাম আরিফ, আব্দুল মালেক প্রমুখ। বক্তারা অবিলম্বে তুষার হত্যাকারীদের গ্রেফতার এবং ফাঁসির দাবি জানান। মানববন্ধনে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেছিলো।
উল্লেখ্য, গত ৩০ জুলাই রাতে পীরগাছা উপজেলার কৈকুড়ি ইউনিয়নের চৌধুরানী এলাকার তারা মিয়ার পুত্র কারমাইকেল কলেজের ইংরেজি প্রথম বর্ষের শিক্ষার্থী তুষারকে পীরগাছা হাইস্কুল মাঠে ডেকে নিয়ে গিয়ে তার ঘনিষ্ট বন্ধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী সাইফুল ইসলাম ছুড়িয়ে দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ব্যাপারে নিহতের চাচা আবদুল হামিদ বাদি হয়ে পীরগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করলেও পুলিশ এখন পর্যন্ত মামলার আসামিকে গ্রেফতার করতে পারেনি।
রংপুরে পুলিশী অভিযানে গ্রেফতার ৪৫

রংপুরে বিশেষ অভিযান চালিয়ে ৪৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত থেকে আজ মঙ্গলবার ভোর পর্যন্ত রংপুর মহানগরীসহ জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযানকালে রংপুর কোতয়ালী থানা পুলিশ ১৭ জন, কাউনিয়া থানা পুলিশ ১৫ জন, পীরগঞ্জ ও গঙ্গাচড়া থানা পুলিশ ৪ জন করে, পীরগাছা থানা পুলিশ ৩ জন, মিঠাপুকুর ও বদরগঞ্জ থানা পুলিশ ১ জন করে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, ডাকাতি, রাহাজানি, সন্ত্রাসি, মাদক ব্যবসা, মাদক সেবন, হত্যা ও খুনের মামলা রয়েছে। আজ দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) রংপুর সরকারী কলেজ শাখার শুভেচ্ছা মিছিল
রংপুর সরকারী কলেজে উচ্চ মাধ্যমিক ও ডিগ্রী পাশ কোর্সে ভর্তি নবাগত শিক্ষার্থীদের অভিনন্দন ও স্বাগত জানিয়ে আজ মঙ্গলবার সকালে শুভেচ্ছা মিছিল করেছে বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) রংপুর সরকারী কলেজ শাখা। রংপুর মহানগর জাসদ ছাত্রলীগের সহ-সভাপতি এহতেশাম জেমীর নেতৃত্বে কলেজ ক্যাম্পাসে বের হওয়া শুভেচ্ছা মিছিলটি গোটা ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে এক সমাবেশে নবাগত শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন, মহানগর ছাত্রলীগের সভাপতি ওসমান গনি, সাধারণ সম্পাদক রাহাত আল রাজীব, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কবীর, সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাখাওয়াত হোসেন সনি, সহ-সভাপতি শিহুরুল আলম স্মরণ প্রমুখ। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন, রংপুর সরকারী কলেজ জাসদ ছাত্রলীগ নেতা ইমতিয়াজ।



















