বাসাইল(টাঙ্গাইল) প্রতিনিধি : চিকিৎসক কর্মকর্তা- কর্মচারিদের ধারাবহিক অনুপস্থিতির কারনে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা ব্যবস্থা ভেঙ্গে পড়ার উপক্রম হয়েছে। চিকিৎসকগণ তাদের ইচ্ছেমত ঢাকা- টাঙ্গাইল থেকে এসে অফিস করছে। এলাকাবাসী এ হাসপাতালের চিকিৎসা সেবা নিশ্চিত করণের দাবি জানিয়েছে।

সেবাগ্রহী লোকজনের অভিযোগ, সরকারি নিয়মে সকাল আটটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চিকিৎকদের হাসাপাতালে অবস্থান করার কথা থাকলেও সকাল সাড়ে ১০টার আগে কোন চিকিৎসক তাদের কর্মস্থলে আসেন না। চিকিৎসকগণ খেয়ালখুশি মতো এসে দুপুর বারোটার মধ্যেই কর্মস্থান ত্যাগ করে। ফলে উপজেলার অনেক দুর দুরান্ত থেকে রোগীরা এসে চিকিৎসা না পেয়েই চলে যেতে বাধ্য হয়। জানা যায়, এ হাসপাতালে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচএএফও), একজন আবাসিক মেডিকেল অফিসার, ১০জন জুনিয়র কন্সালটেন্ট, ৬জন সহকারি সার্জন, ২জন মেডিকেল অফিসার ও ১জন ডেন্টাল সার্জনসহ মোট ২৭জন চিকিৎসক থাকলেও বর্তমানে তাদের ২জন প্রেষণে, ১জন ছুটিতে ও ৩ জন সম্প্রতি বদলী হয়েছেন। প্রায় ৩মাস যাবত হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারের পদটি শুন্য আছে। বিশ্বস্ত সুত্রে জানা যায়, এখানে প্রতিদিন সবোর্চ্চ ৫ থেকে ৭জন চিকিৎক উপস্থিত থাকেন। এদের মধ্যে অনেকের বিরুদ্ধে সপ্তাহে মাত্র ৩দিন অফিস করে অন্যান্য দিনের হাজিরা সই করার অভিযোগ রয়েছে। ২জন মেডিকেল অফিসার দু’টি সাব সেন্টারের দায়িত্বে থাকলেও অধিকাংশ সময় তাদেরকে কর্মস্থলে পাওয়া যায় না বলে অভিযোগ উঠেছে। হাসপাতালের অধিকাংশ চিকিৎসকই ঢাকা-টাঙ্গাইলসহ নানাস্থানে বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা ব্যবসায় জড়িত বলেও জানা যায়। রোগীদের অভিযোগের ভিত্তিতে গত ১০জুলাই দুপুর বারোটার দিকে সরেজমিনে গেলে দেখা যায়, হাসপাতালের বর্হিবিভাগ প্রায় রোগীশুন্য। তখন বর্হিবিভাগের কোন কোন কর্মচারি বাড়ি চলে গেছেন। এ বিভাগে ৫জন চিকিৎসক উপস্থিত থাকলেও হাসপাতালে কোন কন্সালটেন্ট চিকিৎসকের দেখা মেলেনি। চিকিৎসকদের হাজিরা খাতায় স্বাক্ষরে একজনকে গত সপ্তাহের প্রতিদিনই অনুপস্থিত পরিলক্ষিত হয়। হাসপাতালের বারান্দায় বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধির ভিড় পরিলক্ষিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মালেকা বানুর চেয়ারটি তখন ফাকা ছিল। অফিস সহকারি প্রধান শামসুল আলম জানান, ডাক্তার মালেকা বানু অসুস্থতার কারণে ঢাকায় চিকিৎসাধীণ আছেন। এলাকাবাসির অভিযোগ, এ হাসপাতালের চিকিৎকগণ নিজেদের খেয়াল খুশিমতো নামে মাত্র হাসপাতালে আসা যাওয়া করেন, তাদেরকে নিয়ন্ত্রণ করার কেউ নেই বলে বাসাইলবাসি চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তাই তারা এ হাসপাতালের চিকিৎসা সেবা নিশ্চিত করণে উর্ধ্বতন কর্তৃপক্ষ্যের হস্তক্ষেপ কামনা করেছেন। এ ব্যাপারে বাসাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মালেকা বানুর সঙ্গে মোবাইলে কথা হলে তিনি বলেন,এখানে অবকাঠামোগত সমস্যা থাকায় ডাক্তারদের বসতে পারেনা বলে তাদের উপস্থিতি নিশ্চিত করা যাচ্ছেনা,তা ছাড়া আবাসন সমস্যা থাকায় তারা বাসাইলে বাইরে থেকে অফিস করতে বাধ্য হচ্ছে।



















