মেহের আমজাদ, মেহেরপুর : তারুণ্যে বিনিয়োগ আগামীর উন্নয়ন এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মেহেরপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা করেছে জেলা পরিবার পরিকল্পনা বিভাগ। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার সময় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনের সামনে থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসন কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন দোদুল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হেমায়েত হোসেন, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ- পরিচালক আবুল বাশার, সরকারি কর্মকর্তা-কর্মচারি, এনজিও সংস্থা সহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ র্যালি ও আলোচনা সভায় অংশ গ্রহন করেন।
মেহেরপুর শাওন ভীলা ছাত্রবাসের ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন

মেহেরপুর শাওন ভীলা ছাত্রবাসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলামের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ফরহাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মিয়াজান আলী, সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, আব্দুল হালিম, সাংগাঠনিক সম্পাদক আমাম হোসেন মিলু, সদর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মোঃ গোলাম রসুল।
বক্তব্য রাখেন মেহেরপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ, সহকারি অধ্যাপক আব্দুল্লাহ আল আমীন, জেলা যুবলীগের সাংগাঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরণ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মফিজুর রহমান, বর্তমান সভাপতি সাফুয়ান আহমেদ রুপক, সাধারণ সম্পাদক বারিকুল ইসলাম লিজন, শহর ছাত্রলীগের সভাপতি মাহফিজুর রহমান পোলেন, কলেজ ছাত্রলীগের সভাপতি কুদরত-ই খোদা রুবেল, ছাত্রলীগ নেতা জুলফিকার আলী, আনন্দ, তরিকুল ইসলাম, রাজন প্রমুখ।
শ্রী শ্রী স্বামী নিগমানন্দ স্বরসতী পরম হংস স্মৃতি তোরন নির্মানের উদ্বোধন
মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর শ্রী শ্রী স্বামী নিগমানন্দ আশ্রমের উদ্যোগে গাড়াবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শ্রী শ্রী স্বামী নিগমানন্দ স্বরসতী পরম হংস স্মৃতি তোরন নির্মানের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর জেলা প্রশাসক অ্যাড. মিয়াজান আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তোরণ নির্মান উদ্বোধন করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএমএ’র সভাপতি ডা. রমেশ চন্দ্রনাথ, জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাড. পল্লব ভট্টাচার্য, গাড়াবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সভাপতি আমিনুল ইসলাম, অধ্যক্ষ সুরত আলী সেখানে উপস্থিত ছিলেন।
মেহেরপুর কামদেবপুর গ্রামের ছেলে পুলিশ কনস্টেবল রুবেল হোসেন সড়ক দুর্ঘটনায় নিহত

মেহেরপুর সদর উপজেলার কামদেবপুর গ্রামের ছেলে পুলিশ কনস্টেবল রুবেল হোসেন সড়ক দুর্ঘটনায় মারা গেছে। গতকাল রাতে গ্রাম্য কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে।
জানা যায়, পুলিশ কনস্টেবল রুবেল হোসেন বুধবার দিনগত রাত দেড়টার দিকে রাজবাড়ি হাইওয়ে পুলিশে কর্মরত থাকা অবস্থায় ঢাকাগামী দিগন্ত পরিবহনের একটি বাস ও ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলে বাসযাত্রী হারুশেখ ও গাজী দেলওয়ার হোসেন মারা যান। একই সময় পুলিশ কনস্টেবল রুবেল হোসেন মারাত্মক আহত হন। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার ভোরে রুবেল হোসেন মারা যায়। তার লাশের ময়না তদন্ত ও নামাজে জানাজা শেষে লাশ মেহেরপুরে গ্রামের বাড়ীর উদ্দেশ্যে পাঠানো হয়। গতকাল বৃহস্পতিবার রাত ৯ টার দিকে তার লাশ গ্রামে এসে পৌছে। রাত ১০টার দিকে তার লাশ গ্রাম্য কবরস্থানে দাফন করা হয়েছে। উল্লেখ্য ২০০৮ রুবেল হোসেন বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে নিয়োগ লাভ করেন।



















