চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা কাষ্টমস্ ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে শুক্রবার সকাল ১০ টার দিকে ভারতে যাওয়ার সময় শফিকুল খান (৩২), বাবলু দেওয়ান (২৪), মানিক (৩১) ও মিজান (২৫) নামে ৪ বাংলাদেশী জাল ভিসাসহ ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হয়েছে। দর্শনা ইমিগ্রেশন পুলিশ একটি মামলাসহ তাদেরকে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করেছে।
দর্শনা কাষ্টমস্ ইমিগ্রেশন ইনচার্জ এসআই মাহাবুব জানান, অন্যান্য দিনের মত শুক্রবার সকালে নিয়মিত পাসপোর্ট ও ভিসা পরীক্ষা নিরিক্ষার সময় ১০ টার দিকে “বিএ-০১৭৪১১০” নাম্বার পাসপোর্ট ধারী যাত্রী মনিকগঞ্জ জেলার সুলতানপুর গ্রামের মালেক খাঁনের ছেলে শফিকুল খাঁন, “বিএ-০৩১৬৭৪৫” নাম্বার পাসপোর্ট ধারী যাত্রী মুন্সিগঞ্জ জেলার উত্তর মহাখালির শফি দেওয়ানের ছেলে বাবলু দেওয়ান (২৪), “এজি- ৬৫২৬৩২৮” নাম্বার পাসপোর্ট ধারী যাত্রী নোয়াখালী জেলার শিবপুর গ্রামের আবুল কালামের ছেলে মানিক (৩১) ও “ এজি ৬৬৪৮৪০২” নাম্বার পাসপোর্ট ধারী যাত্রী নোয়াখালী জেলার পশ্চিম এওয়াজবালিয়া গ্রামের মফিউল্লার ছেলে মিজানের (২৫) পাসপোর্টের ভিসা জাল ধরা পড়ে। এসময় ইমিগ্রেশন পুলিশ তাদের আটক করে। পরে তাদের বিরুদ্ধো জাল ভিসা ব্যবহারের অপরাধে একটি মামলাসহ দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, ভারতের উজবেগিস্থানে কাজ করার উদ্দেশ্যে তারা সীমান্ত পাড়ি দিচ্ছিল। তবে জাল ভিসার ব্যাপারে তারা মুখ খোলেনি বলেও জানান এসআই মাহাবুব।



















