নকলা (শেরপুর) সংবাদদাতা : শেরপুরের নকলা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ৩ সন্তানের জননী মর্জিনা খাতুন (৪৫) দেবরের লাঠির আঘাতে ঘটনাস্থলেই নিহত হয়েছে। ১০ জুলাই বৃহস্পতিবার সকালে উপজেলার ৩নং উরফা ইউনিয়নের বারমাইসা গ্রামে ওই ঘটনা ঘটে।

থানা ও পরিবার সূত্রে জানা যায়, নিহত মর্জিনা খাতুন বারমাইসা গ্রামের ছহুর উদ্দিন মুন্সির পুত্র মোঃ মিরাজ আলীর স্ত্রী ৩ সন্তানের জননী ছিলেন। মৃত দেহ উদ্ধারসহ এ ঘটনায় নিহতের জা সহ ৫ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো কাশেম আলী, আশরাফ আলী, ফিরোজ মিয়া, মোজাম্মেল হক, সর্বপিতা-ছহুর উদ্দিন মুন্সি, সাহনাজ বেগম, স্বামী-ফিরোজ মিয়া, তাদের সকলের বাড়ি ৩নং উরফা ইউনিয়নের বারমাইসা গ্রামে। ঘটনাস্থল থেকে হামলাকারীরা পালিয়ে যাওয়ায় বিভিন্ন সূত্রমতে ও গোপন অভিযান চালিয়ে ১ ঘন্টার মধ্যেই উল্লেখিত ৫জন হামলাকারীকে উরফা ইউনিয়নের দফাদার নাজিম উদ্দিনের নেতৃত্বে এলাকার স্থানীয় জনগণের সহায়তায় আটক করার পর থানা পুলিশ তাদের হেফাজতে নিয়ে আসে। সংবাদ পেয়ে ৩নং উরফা ইউনিয়নের চেয়ারম্যান নূরে আলম তালুকদার ভূট্টো তাৎক্ষণিক ভাবে উপস্থিত হন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মামলার প্রক্রিয়া চলছে।



















