চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর চারঘাটে আহসান হাবিব (৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ১০ জুলাই বৃহস্পতিবার ওই লাশ উদ্ধার করা হয়। নিহতের বাড়ি উপজেলার শিমুলিয়া গ্রামে।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, নির্মাণ শ্রমিক আহসান হাবিব তার দ্বিতীয় স্ত্রী মুসলিমা আক্তার ওরফে মুর্শিদাকে নিয়ে বসবাস করতেন। এনিয়ে তার প্রথম স্ত্রী মনোয়ারা খাতুনের সাথে প্রায়ই ঝগড়া হতো। বুধবার রাত ১০টার দিকে প্রতিবেশী মুনছুরের স্ত্রী নাজমা পান খাওয়ার কথা বলে আহসানকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। ভোর তিনটার দিকে বাড়ির পাশে আম গাছের নিচে গলায় গামছা জড়ানো অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা তার পরিবারকে খবর দেয়। পুলিশ গতকাল বৃহস্পতিবার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। এ ব্যপারে জড়িত থাকার অভিযোগে পুলিশ নিহতের দ্বিতীয় স্ত্রী মুর্শিদা এবং প্রতিবেশী নাজমা খাতুনকে আটক করেছে। চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সাজ্জাদ হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে
বিভিন্ন অনিয়ম এবং অব্যবস্থাপনার কারণে রাজশাহীর চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে। ৫০ শয্যা বিশিষ্ট এই স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসকসহ অনুমোদিত চিকিৎসকের পদ রয়েছে ২৬টি। এরমধ্যে ৫ জন বিশেষজ্ঞ চিকিৎসকসহ ১৫ জন চিকিৎসকের পদ শুন্য রয়েছে। শিশু, মেডিসিন, সার্জারী, অর্থপেডিক এবং চর্ম ও যৌন বিশেষজ্ঞ থাকলেও তারা সপ্তাহে একদিন অথবা দুইদিন অফিস করেন। বৃহস্পতিবার বেলা এগারোটায় সরেজমিনে স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায় বিশেষজ্ঞ চিকিৎসকসহ অন্যান্য মেডিকেল অফিসারদের কক্ষ বন্ধ। জরুরী বিভাগে একজন এবং বহির্বিভাগে একজন মেডিকেল অফিসার চিকিৎসা সেবা দিচ্ছেন। এসময় জনাব আলী (৫০) নামে এক রোগী এই প্রতিবেদককে জানান তিনি ১২ কিলোমিটার দূরের বাঁকড়া গ্রাম থেকে বৃষ্টির মধ্যে রিক্সাভ্যান ভাড়া করে পায়ের ব্যাথা নিয়ে অর্থপেডিক ডাক্তারের কাছে চিকিৎসার জন্য এসেছেন। কিন্তু ডাক্তার না পেয়ে ফিরে যাচ্ছেন। সংশ্লিষ্ট অফিসের কর্মচারী তাকে বুধবার অথবা রবিবার আসতে পরামর্শ দিয়েছে। ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসারেরও দেখো মেলেনি। তিনিও একইভাবে সপ্তাহে দুই থেকে তিনদিন আসেন বলে নাম প্রকাশ না করার শর্তে ভর্তিকৃত রোগীরা জানায়। গত ১৮ জুন সিভিল সার্জন ডা. আব্দুস সোবহান স্বাস্থ্য কমপ্লেক্সটি পরিদর্শনে এসে অননুমোদিত অনুপস্থিতি ও বিলম্বের জন্য ৫জন চিকিৎসককে শোকজ করলেও অবস্থার কোন পরিবর্তন হয়নি।
গাইনি এবং এনেসথেসিয়া পদ দুটি শূন্য থাকায় অপারেশনসহ জরুরী প্রসূতি সেবা দীর্ঘদিন যাবৎ বন্ধ রয়েছে। এক্সরে অপারেটর, এক্সরে ফিল্ম থাকলেও এক্সরে মেশিন নষ্ট থাকায় প্রায় আট বছর যাবৎ এক্সরে কার্যক্রম বন্ধ রয়েছে। চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারীদের উপস্থিতি স্বাস্থ্য অধিদপ্তর থেকে সরাসরি মনিটরিং করার জন্য ফিংগার অ্যাটেনডেন্স মেশিন স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপন করা হলেও এক মাসের মধ্যে তা নষ্ট হয়ে যায়। অভিযোগ রয়েছে অফিস ফাঁকি দেয়ার সুবিধার্তে কতিপয় কর্মকর্তা/কর্মচারী ফিংগার অ্যাটেনডেন্স মেশিনটি নষ্ট করতে পারে।
এদিকে চিকিৎসকদের জন্য সরকারি কোয়ার্টারটি নির্মাণের পর থেকে শুন্য রয়েছে। উক্ত কোয়ার্টারে কেউ থাকেননা। চিকিৎসকরা আসেন ৩০ কি.মি. দূর জেলা শহর রাজশাহী থেকে। গতমাসে উপজেলা পরিষদের একটি সভায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমএমপি চিকিৎসকদের কর্মস্থলে থাকার নির্দেশ দিলেও তা কার্যকর হয়নি। তৃতীয়/চতুর্থ শ্রেণির কর্মচারীদের কোর্য়াটারে বিভিন্ন নামে বেনামে ১৫টি পরিবার বসবাস করলেও মাত্র ৫জনের বেতনবিলে বাসাভাড়া কর্তন করা হয়। অন্যদের বাসাভাড়া নেয়া হলেও তা রাজস্ব খাতে জমা দেয়া হয়না বলে অভিযোগ রয়েছে। বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল আলিম বলেন, সমস্যা নিরসনের চেষ্টা চলছে।



















