মোঃ ফারুক হোসেন, ঢাকা : প্রলোভনের ঊর্ধ্বে থেকে আইনানুগ দায়িত্ব পালন করতে জেলা প্রশাসকদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ৮ জুলাই মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সম্মেলন কক্ষে ডিসি সম্মেলন উদ্বোধন করে ওই কথা বলেন। এসময় তিনি বলেন, কোনো ধরনের শৈথিল্য কিংবা পক্ষপাতমূলক আচরণ গ্রহণযোগ্য হবে না।
প্রধানমন্ত্রী বলেন, ক্ষুধা, দারিদ্র্য, নিরক্ষরতা, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা মুক্ত সুখী, সম্মৃদ্ধ বাংলাদেশ গড়তে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। জেলা প্রশাসকদের করণীয় সম্পর্কে ২৪টি নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। নদ-নদী রক্ষায় জেলা প্রশাসকদের বিশেষভাবে তৎপর হওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এছাড়া ভেজাল ও ক্ষতিকর রাসায়নিক দ্রব্যমুক্ত খাদ্য নিশ্চিত করার প্রক্রিয়ায় জেলা প্রশাসকদের সহযোগিতা চান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, বিভাগীয় কমিশনাররাও উপস্থিত ছিলেন। এতে স্বাগত বক্তব্য রাখেন মন্ত্রী পরিষদ সচিব মো. মোশাররফ হোসাইন ভূঁইয়া। জেলা প্রশাসকদের পক্ষে পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. সালাহউদ্দিন, রাঙামাটির জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল ও মাদারীপুরের জেলা প্রশাসক জিএসএম জাফরুল্লাহ ও খুলনার বিভাগীয় কমিশনার মো. আবদুল জলিল বক্তব্য রাখেন।
উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলা প্রশাসনের মাঠ পর্যায়ের বিভিন্ন বিষয়ে মুক্ত আলোচনায় অংশ নেবেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে বিভিন্ন জেলার জেলা প্রশাসকরা ছাড়াও বিভাগীয় কমিশনার ও পরিষদ বিভাগের কর্মকর্তারা এতে অংশ নেবেন। বিভাগীয় কমিশনারদের পাশাপাশি ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম,গোপালগঞ্জ, সিলেট, পাবনা, মানিকগঞ্জ, ভোলা, রাজশাহী, ব্রাহ্মণবাড়িয়া ও সাতক্ষীরার জেলা প্রশাসক মুক্ত আলোচনায় অংশ নেবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। দুপুরে প্রধামন্ত্রীর কার্যালয়েই বসবে ৩ দিনের জেলা প্রশাসক সম্মেলনের প্রথম কার্য-অধিবেশন। এতে কার্যালয় সম্পর্কিত চারটি বিষয়ে আলোচনা করবেন জেলা প্রশাসকরা। আশ্রায়ন প্রকল্পে মেরামত ও রক্ষণাবেক্ষণ, উপজেলা পর্যায়ে ই-সার্ভিস চালু, ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা এবং ই-গভর্নেন্সে মাঠ পর্যায়ে কর্মকর্তাদের উৎসাহ দিতে জেলা ভিত্তিক ই-অ্যাওয়ার্ড, বিভাগীয় ই-অ্যাওয়ার্ড ও জাতীয় ই-অ্যাওয়ার্ড প্রবর্তনের বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। দেশকে সম্মৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ৩ দিনের এই সম্মেলনে অংশ নিতে দেশের সব জেলার জেলা প্রশাসকরা ঢাকায় এসেছেন। তাদের সম্মেলনের প্রথম অধিবেশন প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত হলেও মূল সম্মেলন চলবে সচিবালয়ে। সেখানে বিভিন্ন মন্ত্রণালয় সংক্রান্ত বিষয় ভাগ করে প্রতিটি অধিবেশনে সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিবদের নেতৃত্বে সম্মেলন চলবে।



















