পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় এক ব্যবসায়ী পরিবারকে বিতাড়িত করতে বসত বাড়ীর সামনে পুকুর খনন করেছে প্রতিপক্ষরা। ফলে যাতায়াতের একমাত্র পথটি বন্ধ হয়ে যাওয়ায় অনেকটাই গৃহবন্দি হয়ে অসহায় হয়ে পড়েছে ব্যবসায়িক পরিবার। এদিকে বিভিন্ন মামলা দিয়ে হয়রানী করার হুমকি দেয়ায় ব্যবসায়ী শ্রীষ কান্তি রায় গত দু’সপ্তাহ বাড়ী ছাড়া রয়েছে বলে পরিবারের লোকজন জানিয়েছে। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে ভূক্তভোগী পরিবার।
জানা গেছে, পৌরসভার বাতিখালী গ্রামের মৃত কালিপদ রায়ের পুত্র শ্রীষ কান্তি রায় ব্যবসায়িক সূত্রে গত ২০ বছর ধরে পাইকগাছা পৌর এলাকায় বসবাস করে আসছে। তার গ্রামের বাড়ী ডুমুরিয়ার গজালিয়া গ্রামে। প্রথমে তিনি সরল এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করতে থাকলে তার ভগ্নিপতি (দাদা বাবু) বাতিখালী গ্রামের মৃত কালি বাইনের পুত্র নারায়ন বাইন তাদের হাইস্কুল সড়কের পাশের জমিতে বসবাস করার জন্য অনুরোধ করেন। ভগ্নিপতির অনুরোধের প্রেক্ষিতে প্রায় ২ কাঠা জমির উপর কয়েক লাখ টাকা ব্যয়ে বিল্ডিং বাড়ী তৈরী করে পরিবার পরিজন নিয়ে গত ১৫ বছর ধরে ব্যবসায়ী শ্রীষ বসবাস করে আসছে। বসত বাড়ী থেকে পরিবারকে বিতাড়িত করতে সম্প্রতি তার ভগ্নিপতি বিভিন্নভাবে পায়তারা করে আসছে। ইতোমধ্যে বিভিন্ন মামলা দিয়ে হয়রানী করার হুমকি দেয়ায় মামলার ভয়ে গত দু’সপ্তাহ বাড়ী ছাড়া রয়েছে শ্রীষ। এ সুযোগে ঘটনার দিন সোমবার সকাল ৮টার দিকে ভগ্নিপতি নারায়ণ ১০/১৫জন লোক নিয়ে শ্রীষের বসতবাড়ীর সামনে পুকুর খনন করে যাতায়াতের পথ বন্ধ করে দিয়েছে। কাজ শেষে চলে যাওয়ার সময় প্রধান ফটকে তালা দেয়ার চেষ্টা করলে শ্রীষের স্ত্রী অপর্ণা রায় বাঁধা দিতে গেলে প্রতিপক্ষরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মারতে উদ্যত হয়। এ সময় ধস্তাধস্তিতে ডান হাতের আঙ্গুলটি কেটে যায় বলে স্ত্রী অপর্ণা রায় জানান। ব্যবসায়ী শ্রীষ কান্তি রায় জানান, কয়েক লাখ টাকা ব্যয়ে নির্মিত বসত বাড়ীটি বিনা মূল্যে নেয়ার উদ্দেশ্যে তার পরিবারকে বিতাড়িত করতে তার বসতবাড়ীর সামনে প্রতিপক্ষরা পুকুর খনন করেছে। এছাড়াও বিভিন্ন সময়ে তাকে বিভিন্ন প্রকার হুমকি প্রদান করা হয় বলে তিনি জানান। এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে ভূক্তভোগী পরিবার।
পাইকগাছায় শিক্ষা প্রতিষ্ঠানে মৎস্য চাষ সংক্রান্ত ভিডিও প্রদর্শন

খুলনার পাইকগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানে মৎস্য চাষ সংক্রান্ত ভিডিও প্রদর্শন করা হয়েছে। উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে সোমবার সকালে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এস,এম,এ রাসেলের সভাপতিত্বে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে উন্নত মৎস্য চাষ সম্পর্কিত ভিডিও প্রদর্শন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষক সৌমেন্দ্রনাথ মজুমদার, সহকারী মৎস্য কর্মকর্তা এস,এম, শহীদুল্লাহ, ক্ষেত্র সহকারী সুজিত রঞ্জন মন্ডল ও জাহিদুল ইসলাম।
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ মোঃ আবুল ফজলের শ্রীলংকা গমন
খুলনা পাইকগাছার উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ মোঃ আবুল ফজল ১৫ দিনের প্রশিক্ষণ কর্মসূচীতে অংশগ্রহণের উদ্দেশ্যে শ্রীলংকা গমন করেছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় ১২ সদস্যের প্রতিনিধি দলের সদস্য হিসেবে আগামী ৫-১৯ জুলাই শ্রীলংকায় অনুষ্ঠিত “শর্ট কোর্স অন হেল্থ ওয়ার্ক ফোর্স প্লানিং” এর উপর ১৫ দিনের প্রশিক্ষণ কর্মসূচীতে যোগদানের উদ্দেশ্যে গত ২৯ জুন তিনি শ্রীলংকার উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন। তার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তার দায়িত্ব পালন করছেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ প্রভাত কুমার দাশ।



















