ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : ছাতকে দু’গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষে ১ব্যক্তি নিহত ও ৮জন আহত হয়েছে। মঙ্গলবার রাত ১০টায় উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুচবাড়ি ও মোল্লাপাড়া গ্রামের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, কুচবাড়ি গ্রামের নজিবুল হক মেম্বার ও মোল্লাপাড়া গ্রামের জুবেদ মিয়ার মধ্যে একটি নালা খননের ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জের ধরে দু’গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষে গুরুতর আহত কুচবাড়ি গ্রামের মৃত আফিজ উদ্দিনের পুত্র কামাল মিয়া (৩৫) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু ঘটে। সে নজিবুল হক মেম্বারের পক্ষের লোক। আহত ৮জনকে ছাতক হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ রাতেই অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত সন্দেহে মোল্লাপাড়া গ্রামের নুরু মিয়া, আল-আমিন, সুহেল আহমদ ও শহিদুল ইসলামকে গ্রেফতার করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। কুচবাড়ি গ্রামের লোকজন মোল্লাপাড়া গ্রাম থেকে রাতেই ৮০টি ইঞ্জিন নৌকা জোরপূর্বক নিয়ে গেছে। এদিকে মোল্লাপাড়া গ্রাম সংলগ্ন বাজারের সকল দোকানপাট বন্ধ রয়েছে। লুটপাটের আশংকায় ইউপি চেয়ারম্যান সুফি আলম সোহেল বাজার এলাকায় ক’জন পাহারাদার নিয়োগ করে দিয়েছেন।
ছাতকে ভ্রাম্যমান আদালতে অভিযানে ৩৩ হাজার টাকা জরিমানা আদায়

ছাতকে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে বিভিন্ন হোটেল-রেস্তুরা থেকে ৩৩হাজার টাকা জরিমানা আদায় করেছে। বুধবার দুপুরে গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকায় এ অভিযান পরিচালিত হয়। নোংরা পরিবেশে খাদ্য সামগ্রী তৈরি, পচা-বাসি খাবার পরিবেশনের অভিযোগে বুরাইয়া রেস্টুরেন্ট ১৫হাজার, ধানসিড়ি হোটেল এন্ড রেস্টুরেন্ট ১০হাজার, সোনার বাংলা হোটেল থেকে ১০হাজার টাকা জরিমানা আদায় করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেনীর ম্যাজিষ্ট্রেট এ অভিযান পরিচালনা করেন। এ সময় উপজেলা স্যানেটারি কর্মকর্তা ফারুক আহমদ ও থানা-পুলিশ উপস্থিত ছিলেন।
ছাতকে মৎস্য সপ্তাহের উদ্বোধন
ছাতকে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, র্যালী ও পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। বুধবার সকালে উপজেলা অডিটোরিয়ামে ২-৮জুলাই পর্যন্ত মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে ও সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন করের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদত লাহিন, কৃষি কর্মকর্তা প্রদ্যুৎ ভট্টাচার্য্য, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই, আ.লীগ নেতা সামছুজ্জামান রাজা। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা শরীফুল আলম। বক্তব্য রাখেন, মৎস্যজীবি হাজী আলতাব আলী, মৎস্যচাষী দুলাল মিয়া, মাওলানা মঞ্জুর আলম প্রমুখ। সভা শেষে একটি র্যালী উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়।



















