অপূর্ব লাল সরকার, বরিশাল : বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের জয়শীরকাঠী গ্রামে এক বাকপ্রতিবন্ধি যুবতিকে (১৯) ধর্ষণের অভিযোগে মঙ্গলবার রাতে মোহাম্মদ সরদারকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় নির্যাতিতার মা বাদী হয়ে গৌরনদী থানায় গতকাল বুধবার সকালে মামলা দায়ের করেন। পুলিশ ধর্ষিতাকে ডাক্তারি পরিক্ষার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ও ধর্ষককে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে।

ধর্ষিতার পরিবার ও পুলিশসূত্রে জানা গেছে, জয়শীরকাঠী গ্রামে মৃত হাচেন আলী সরদারের পুত্র ও চার সন্তানের জনক মোহাম্মদ সরদারের স্ত্রী ও সন্তানরা গত ৬ জুন তাদের এক আতœীয়র বাড়িতে বেড়াতে যায়। ফাঁকা বাড়ি পেয়ে মোহাম্মদ সরদার ওইদিন বিকেল তিনটার দিকে প্রতিবেশী দিনমজুরের বাকপ্রতিবন্ধী যুবতী কন্যাকে নির্জন ঘরে নিয়ে তাকে ধর্ষণ করে। নির্যাতিতার মা বলেন, ঘটনার পর পর আমার মেয়ে বিষটি আমাকে ইশারা ইঙ্গিতে জানায়। সাথে সাথে আমি আমার মেয়েকে নিয়ে মোহাম্মদের বাড়িতে যাই। ধর্ষণের বিষয় মোহাম্মদকে জিজ্ঞাসা করলে সে আমার ওপর ক্ষিপ্ত হয়ে অশালীন ভাষায় গালগাল করে। এ ঘটনা কাউকে না জানানোর জন্য শাসিয়ে দেয়। পরবর্তীতে মোহাম্মদ ও তার লোকজনের অব্যাহত হুমকির মখে আইনগত সহায়তা নিতে পারিনি। একপর্যায়ে স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা চালায়। ঘটনার ২৫দিন পর থানা পুলিশ জানতে পেরে ধর্ষক মোহাম্মদ সরদারকে মঙ্গলবার রাতে আটক করে।
গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম সত্যতা স্বীকার করে বলেন, ধর্ষিতার পরিবার অসহায় হওয়ায় প্রভাবশালী ধর্ষক ও তার লোকজনের হুমকির মুখে মামলা করতে সাহস পাননি। গতকাল বুধবার সকালে ধর্ষিতা মা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ও ধর্ষককে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
গৌরনদীতে সন্তান হত্যার অভিযোগে পিতা-মাতার যাবজ্জীবন কারাদন্ড
বরিশালের গৌরনদীতে ২৯ দিনের কন্যা সন্তান হত্যার অভিযোগে পিতামাতার যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছে আদালত। এছাড়া একজনকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাস ও অপরজনকে ১ হাজার টাকা অনাদায়ে ১মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। সোমবার আসামীদের অনুপস্থিতিতে বরিশালের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মতিয়ার রহমান ওই রায় প্রদান করেন।
মামলাসূত্রে জানা গেছে, গৌরনদীর সরিকল ইউনিয়নের আধুনা গ্রামের সুখরঞ্জন মিস্ত্রী ও তার স্ত্রী আরতী রানী ২০১০ সালের ৪ জুন তাদের ২৯ দিনের কন্যা সন্তানকে মেরে লেট্রিনের ট্যাংকির মধ্যে ফেলে দেয়। এরপর তারা শিশুটি হারিয়ে গেছে বলে এলাকায় রটিয়ে দেয়। এ নিয়ে এলাকাবাসীর সন্দেহ হলে তারা পুলিশে খবর দেয়। পুলিশ এসে সুখরঞ্জনের বাড়ীর লেট্রিনের ট্যাংকির মধ্য থেকে শিশুটির লাশ উদ্ধার করে। এঘটনায় গৌরনদী থানার তৎকালীন এসআই শাহজালাল খলিফা বাদী হয়ে গৌরনদী থানায় ১টি হত্যা মামলা দায়ের করেন।
অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচীর টাকা ভাগবাটোয়ারা হয়ে যাচ্ছে বিত্তবানদের পকেটে

বরিশালের গৌরনদী উপজেলার ২০১৩-২০১৪ অর্থবছরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী দ্বিতীয় পর্যায়ের অধীনে বরাদ্দকৃত টাকা ভাগবাটোয়ারা করে নিয়েছেন সংশ্লিষ্ট বিত্তবানরা। শুধু কাগজে কলমে শ্রমিক নিয়োগ দেখিয়ে প্রকল্প বাস্তবায়ন কাজ চলছে। হতদরিদ্র দিনমজুরের নামে বরাদ্দ দেখিয়ে ক্ষমতাসীনদলের নেতাকর্মী, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান, প্রকল্প চেয়ারম্যানসহ কর্মকর্তাদের মধ্যে ভাগাভাগি করে নেয়া হয়েছে। ৩০ দিনে ৪০ হাজার ২ শত ৮০ জন শ্রমিকের হাজিরা হিসেবে ৮০ লাখ ৫৬ হাজার টাকা উত্তোলন করে ভাগবাটোয়ারা করে আত্মসাৎ করেছেন সংশ্লিষ্ট লোকজন। হতদরিদ্র লোকজন এ প্রকল্পের সুবিধা ভোগ করার কথা থাকলেও তারা বঞ্চিত হয়েছেন।
সরেজমিনে স্থানীয় লোকজনের অভিযোগ ও সংশ্লিষ্টসূত্রে জানা গেছে, গৌরনদী উপজেলার ২০১৩-২০১৪ অর্থবছরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী দ্বিতীয় পর্যায়ের অধীনে গৌরনদী উপজেলার বার্থী, খাঞ্জাপুর, চাঁদশী, মাহিলাড়া, বাটাজোর, নলচিড়া ও সরিকল ইউনিয়নে ২৪টি প্রকল্প গ্রহণ করা হয়। উপজেলা ত্রাণ ও পূনর্বাসন কার্যালয়ের একটি সূত্র জানায়, ৭টি ইউনিয়নের ২৪টি প্রকল্প বাস্তবায়নের জন্য ১ হাজার ৭ জন শ্রমিকের জন্য ৮০ লাখ ৫৬ হাজার টাকা ও নন ওয়েজ খাতে ৯ লাখ টাকাসহ ৮৯ লাখ ৫৬ হাজার টাকা বরাদ্দ করা হয়। গত ৩০ এপ্রিল থেকে কাজ শুরু করার কথা থাকলেও গত ৩ মে কাজ শুরু করা হয়েছে। প্রকল্প নীতিমালা অনুযায়ী কর্ম বিমূখ হতদরিদ্র লোকজন এ প্রকল্পে কাজ করবেন। একজন শ্রমিক ৭ ঘন্টা কাজ করার পরে তাকে দুশ’ টাকা হিসেবে পারিশ্রমিক পরিশোধ করতে হবে। প্রকল্পের নীতিমালা অনুযায়ী কোন হতদরিদ্র শ্রমিক নিয়োগ দেয়া হয়নি শুধু কাগজপত্রে নিয়োগ দেয়া হয়েছে।
স্থানীয়রা অভিযোগ করেন, অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচীর আওতায় অতিদরিদ্রদের জন্য বরাদ্দ দেয়া হলেও তা তাদের কোন কাজে আসছেনা। অধিকাংশ এলাকায় কাগজপত্রে শ্রমিক নিয়োগ দেখিয়ে বরাদ্দের পুরো টাকা ভাগবাটোয়ারা করে নেয়া হয়েছে। কিছু কিছু প্রকল্প এলাকায় লোক দেখানো নামে মাত্র কাজ করা হয়েছে। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, প্রকল্পে বরাদ্দকৃত অর্থ ক্ষমতাসীনদল, ইউপি চেয়ারম্যান, প্রকল্প চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে ভাগাভাগি করে নেয়া হয়েছে। অতিদরিদ্র লোকজন ক্ষোভ প্রকাশ করে বলেন, নামে অতিদরিদ্রের কর্মসংস্থান কর্মসূচী, কিন্তু টাকা যায় বিত্তবানদের পকেটে।
সরেজমিনে প্রকল্প এলাকায় গিয়ে দেখা যায়, ২৪টি প্রকল্পের মধ্যে ১৮টি প্রকল্পে কোন কাজ নেই। ৬টি প্রকল্পে বরাদ্দকৃত শ্রমিকের মধ্যে ৫-৬ জন শ্রমিক নিয়োগ দিয়ে নামে মাত্র কাজ শুরু করে। পরবর্তীতে ২-৩ দিন কাজ করা পর তা বন্ধ করে দেয়া হয়েছে। গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের নোয়াপাড়া জামে মসজিদের মাঠ ভরাট, কেফায়েতনগর প্রাথমিক বিদ্যালয়ের মাঠ ভরাট ভায়া বাসুদেবপাড়া জবেদ সরদারের বাড়ি থেকে বাসুদেবপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তা মেরামতের (প্রকল্প নং- ১৪) ৪৫ জন শ্রমিকের অনুকূলে ৩ লাখ ৬০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। প্রকল্পে প্রতিদিন ৪৫ জন শ্রমিক অনূকূলে ৯ হাজার টাকা ব্যয় দেখানো হয়। প্রকল্প এলাকায় গিয়ে কোন শ্রমিককে কাজ করতে দেখা যায়নি। স্থানীয় নোয়াপাড়া গ্রামের আলী হোসেন, রিয়াজ ঘরামী, রাসেল শিকারী জানান, এ প্রকল্প এলাকায় কোনদিনই ৪৫ জন শ্রমিক দিয়ে কাজ করানো হয়নি। ৭ জন শ্রমিককে ২-৩ দিন কাজ করতে দেখা গেলেও তাও বন্ধ রয়েছে। অভিযোগ সম্পর্কে জানতে চাইলে প্রকল্প চেয়ারম্যান ও ২নং ওয়ার্ডের সদস্য আনোয়ার হোসেন বলেন, প্রকল্প এলাকার শ্রমিকরা হয়তো কোথাও বিশ্রামে যেতে পারে। একই ইউনিয়নের সিংগা নাথ বাড়ির ব্রিজ থেকে চন্দ্রহার সাধু বাড়ির সামনে হয়ে বাদল হাওলাদারের ব্রিজ পর্যন্ত রাস্তা মেরামত (প্রকল্প নং- ১৬) প্রকল্পের অনুকূলে ১৫ শ্রমিক বাবদ ১ লাখ ২০ হাজার টাকা বরাদ্দ করা হয়। প্রকল্প এলাকায় গিয়ে কোন শ্রমিককে কাজ করতে দেখা যায়নি। সিংগা গ্রামের দেলোয়ার হোসেন, মালেক মিয়া, লিমন হাওলাদার, মো. শাহজাহান জানান, ৫ জন শ্রমিক ২ দিন রাস্তার পাশ থেকে মাটি কেটে কিছু জায়গায় ফেলেছে। অভিযোগের ব্যপারে প্রকল্প চেয়ারম্যান ৬নং ওয়ার্ডের মেম্বর অভিলাস মিস্ত্রী বলেন, বরাদ্দের প্রায় অর্থেকইতো দিয়ে আসতে হয়। এর বেশী কাজ করার টাকা কোথায়? বাটাজোর ইউনিয়নের ১৫, ১৭ ও ১৮নং প্রকল্পের একই চিত্র দেখা গেছে। এ প্রসঙ্গে বাটাজোর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আকতার হোসেন বাবুলের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার কাছে কোন প্রশ্ন না করাই ভাল। আমি কোন কথা বলতে পারব না। চাঁদশী ইউনিয়নের দক্ষিণ গোবর্দ্ধন সিএন্ডবি সড়ক থেকে মন্নান সরদারের বাড়ি পর্যন্ত গ্রামীণ সড়ক মেরামত (প্রকল্প নং- ১১) প্রকল্পের জন্য ২৪ জন শ্রমিকের জন্য ১ লাখ ৯২ হাজার টাকা বরাদ্দ হয়। প্রকল্প এলাকায় গিয়ে কোন কাজ করার আলামত পাওয়া যায়নি। আ. জলিল, জাহাঙ্গীর হোসেনসহ এলাকাবাসী জানান এ সড়কে কোন কাজ করা হয়নি। প্রকল্পের পুরো টাকাই ভাগবাটোয়ারা হয়েছে। অভিযোগের ব্যাপারে প্রকল্প চেয়ারম্যান শাহীনা ইয়াসমিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, শ্রমিকরা কাজ করে, তবে আজ আগে ভাগে চলে গেছে। প্রকল্প চেয়ারম্যনরা জানান, বরাদ্দ থেকে প্রায় অর্ধেকই দিয়ে আসতে হয়। তিনি আরো বলেন, প্রকল্প অফিস ১৫%, ট্যাগ অফিসার ৫%, সচিব ২%, ব্যাংক ৩%, নেতাকর্মী ও অন্যান্য ১৫%। উপজেলা প্রকল্প অফিসেই এ টাকা দিয়ে আসতে হয়। উত্তর চাঁদশী বটতলা ব্রিজ হইতে দীঘিরপাড় পর্যন্ত সড়ক মেরামত (প্রকল্প নং- ১০) প্রকল্পে ৩৮ জন শ্রমিকের জন্য ৩ লাখ ৪ হাজার টাকা বরাদ্দ হয়। প্রকল্প এলাকায় গিয়ে দেখা যায়, কোয়ার্টার কিলোমিটার রাস্তায় দু’পাশের জমি থেকে মাটি তুলে রাস্তা সংস্কার করা হয়। উত্তর চাঁদশী গ্রামের বিকাশ রায়, রনজিত রায় জানান, রাস্তায় ২-৩ দিন ৫ জন শ্রমিক কাজ করেছে, সড়কটি সংস্কারে সর্বোচ্চ ১০ হাজার টাকা ব্যয় হয়েছে। প্রকল্প চেয়ারম্যান ও ২নং ওয়ার্ডের সদস্য জয়দেব সেন অভিযোগ সম্পর্কে বলেন, আমার বিরুদ্ধে অভিযোগ সত্য নয়, আমার কাজ ঠিকঠাক মত চলছে। চাঁদশী ইউপি চেযারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক কৃষ্ণকান্ত দে এ প্রসঙ্গে বলেন, চিকিৎসার জন্য ভারতে ছিলাম এ ব্যাপারে আমি কোন কিছু অবগত নই। খাঞ্জাপুর ইউনিয়নের মাগুরা-মাদারীপুর মোবারক ডাক্তারের বাড়ি হইতে মন্নান হাওলাদারের বাড়ি পর্যন্ত রাস্তা পুনঃ নির্মাণ এবং দক্ষিণ মাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় হইতে দাসের বাড়ি রাস্তা নির্মাণ (প্রকল্প নং- ১) প্রকল্পের জন্য ৪৮ জন শ্রমিকের অনুকূলে ৩ লাখ ৮৪ হাজার টাকা বরাদ্দ করা হয়। প্রকল্প এলাকায় গিয়ে কোন শ্রমিককে কাজ করতে দেখা যায়নি। স্থানীয় ভাষাই সরদার, কবির হাওলাদার অভিযোগ করেন, প্রকল্পে কোন কাজ করা হয়নি, মূলত: প্রকল্পের নামে ভাগাভাগি ছাড়া আর কিছুই না। খাঞ্জাপুর ইউনিয়নের অ্পর ৩টি প্রকল্পে একই চিত্র পাওয়া গেছে। ১নং প্রকল্পের চেয়ারম্যান ও ৩নং ওয়ার্ডের সদস্য মো. সাইদুল ইসলাম কাজ না করার অভিযোগ অস্বীকার করে বলেন, সব নিয়ম মেনে কাজ চলছে। খাঞ্জাপুর ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আকন সিদ্দিকুর রহমান এ প্রসঙ্গে বলেন, বিভিন্ন খাতে ৪০% দেয়ার পরে যে টাকা থাকে তা ইউপি সদস্যদের মধ্যে ভাগাভাগি করার পরে যতটুকু কাজ করা সম্ভব তাই করা হচ্ছে। উপজেলার বার্থী, মাহিলাড়া, নলচিড়া ও সরিকল ইউনিয়নের কর্মসংস্থান কর্মসূচীর একই চিত্র পাওয়া গেছে। বার্থী ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান প্যাদা, সরিকল ইউপি চেয়ারম্যান মঞ্জুর হোসেন মিলন, মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুসহ সংশ্লিষ্ট চেয়ারম্যানরা অভিযোগ অস্বীকার করে বলেন, প্রকল্পের নীতিমালা অনুযায়ী কাজ চলছে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক ট্যাগ অফিসার জানান, কোথাও তেমন কোন দৃশ্যমান কাজ হচ্ছেনা এ কথা সত্য। তবে এ কথা বললে ইজ্জৎ নিয়ে ফেরা দায়। বার্থী ইউনিয়নের ট্যাগ অফিসার একাডেমিক সুপারভাইজার গৌরাঙ্গ প্রসাদ গাইন, মাহিলাড়া ট্যাগ অফিসার ও সমবায় অফিসার এসএম ফরিদ উদ্দিন, নলচিড়া ট্যাগ অফিসার ও সহকারী শিক্ষা অফিসার মো. চুন্নু ফকির, সরিকল ট্যাগ অফিসার ও যুব উন্নয়ন অফিসার খান মনিরুজ্জামান পার্সেন্টেজ নেয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, আমার কোন পার্সেন্টেজ গ্রহণের সাথে জড়িত নই। প্রকল্প চেয়ারম্যানরা এতটাই রাজনৈতিক প্রভাবশালী পার্সেন্টেজ তো দূরের কথা কোন কথা বললে ইজ্জৎ হারাতে হয়। প্রকল্প চেয়ারম্যানরা নিজেদের দায় এড়াতে আমাদের নামে অপপ্রচার চালাচ্ছে। পার্সেন্টেজ গ্রহণের অভিযোগ অস্বীকার করে অগ্রণী ব্যাংক গৌরনদী প্রধান শাখার ব্যাবস্থাপক মো. আজিজুল হক বলেন, ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। অভিযোগ সম্পর্কে গৌরনদী উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. জয়নাল আবেদীন হাওলাদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার জানামতে আওয়ামীলীগের কোন পর্যায়ের নেতাকর্মী পার্সেন্টেজ গ্রহণের সাথে জড়িত নেই। কেউ কেউ ভূয়া তথ্য দিয়ে দলের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
গৌরনদী উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. কবির হোসেন বলেন, প্রকল্প অফিসের বিরুদ্ধে টাকা নেয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। নীতিমালা অনুযায়ী প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। কাজ না করলে বিল প্রদানের কোন সুযোগ নেই। সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী-দ্বিতীয় পর্যায়ের বাস্তবায়ন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদ হাসান পাটোয়ারীর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার কাছে কেউই এ ধরণের অভিযোগ করেনি। অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে জরুরী ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।
গৌরনদীতে নারী পাচারের অভিযোগে ৩ জন গ্রেপ্তার
বরিশালের গৌরনদী উপজেলার শৌলকর গ্রামে এক কিশোরীকে চাকরির প্রলোভন দেখিয়ে পাচারের অভিযোগে গতকাল বুধবার সকালে এক নারীসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় নিখোঁজ কিশোরীর পিতা বাদী হয়ে ৪ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।
মামলার বিবরনে প্রকাশ, উপজেলার বাটাজোর ইউনিয়নের শৌলকর গ্রামের দিনমজুর মন্নান তালুকদারের কন্যা (১৫) কে লেবানন চাকুরি দেয়ার কথা বলে ৮৫ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতিবেশী লিপি আক্তার, তার স্বামী জব্বার তালুকদারসহ ৪ জন। টাকা নিয়ে গত ৩০ মার্চ ওই কিশোরীকে পাচারকারী চক্র লেবানন পাঠায়। মন্নান তালুকদার অভিযোগ করে বলেন, ঢাকা হযরত শাহাজালাল (রাঃ) আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করার পর থেকে অদ্যাবধি আমার মেয়ের কোন সন্ধান নেই। একাধিকবার আমার মেয়ের সন্ধানের জন্য ওই পাচারচক্রের কাছে ধর্ণা দেই। পরোক্ষভাবে জানতে পারি আমার মেয়েকে চাকরি না দিয়ে পতিতালয় বিক্রি করে দিয়েছে। সর্বশেষ মঙ্গলবার বিকেল ৫টার দিকে (১ জুলাই) আমি ও আমার স্ত্রী পাচারচক্রের কাছে গেলে তারা আমারে ওপর চড়াও হয়ে আমাদের মারধর করে। গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম জানান, এ ঘটনায় গতকাল বুধবার নিখোঁজ কিশোরীর পিতা মন্নান তালুকদার বাদী হয়ে ৪ জনকে আসামী করে গৌরনদী থানায় মামলা দায়ের করেন। পুলিশ এজাহারভুক্ত আসামি লিপি আক্তার, তার স্বামী জব্বার তালুকদার ও রাসেলকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করেছে।
গৌরনদীতে বড়ভাইয়ের স্ত্রী সন্তানদের হাতে ছোটভাইয়ের স্ত্রী অমানুষিক নির্যাতনের শিকার
পারিবারিক কলহের জের ধরে বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব হোসনাবাদ গ্রামে বড়ভাইয়ের স্ত্রী ও সন্তানদের হাতে অনানুষিক নির্যাতনের শিকার হয়েছেন ছোটভাইয়ের স্ত্রী রেখা বেগম (২৬)। নির্যাতিতা গৃহবধূ এখন গৌরনদী উপজেলা হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছেন। বিচার পাওয়ার আশায় তার স্বামী দিনমজুর শওকত হোসেন বেপারী এলাকার প্রভাবশালীদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন।
নির্যাতিতার পরিবার ও এলাকাবাসীসূত্রে জানা গেছে, ওই গ্রামের দিনমজুর শওকত হোসেন বেপারী তাদের পারিবারের অভাব অনটন দূর করতে ১৯৯৯ সালে সৌদি আরবে যান। সেখানে ৪ বছর কাজ করে ২০০৪ সালে দেশে ফিরেন। ওই ৪ বছরের রোজগারের সমুদয় টাকা তিনি তার বড়ভাই খালেক বেপারীর কাছে পাঠান। ২০০৪ সালে দেশে ফিরে শওকত বিয়ে করে পূনরায় সৌদি আরবে চলে যান। যৌথ পরিবার হওয়ায় স্ত্রী রেখাকে রেখে যান তার বড়ভাইয়ের সংসারে। আবারও ৪ বছর সৌদি আরবে থেকে রোজগারের সমুদয় অর্থ বড়ভাইয়ের কাছে পাঠিয়ে ২০০৮ সালে দেশে ফিরে আসেন। দেশে ফিরে শওকত তার ৮ বছরের রোজগারের টাকা বড়ভাইয়ের কাছে ফেরৎ চাইলে সে টাকা ফেরৎ দিতে অস্বীকৃতি জানান। এনিয়ে পারিবারিক কলহ শুরু হয়। এর জের ধরে দুইভাইয়ের পরিবারের মধ্যে সব সময় ঝগড়া-বিবাদ লেগেই থাকত। রেখা বেগম অভিযোগ করে বলেন, গত ৩০ জুন বিকেলে বড়ভাই খালেক বেপারীর স্ত্রী জোছনা বেগম, পুত্র সুমন বেপারী, দুই কন্যা কেয়া ও লায়লা মিলে আমার ওপর অমানুষিক নির্যাতন চালিয়ে রক্তাক্ত জখম করে। মূমূর্ষ অবস্থায় প্রতিবেশীরা উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করে। শওকত হোসেন বেপারী কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার দীর্ঘ ৮ বছরের রোজগারের টাকা বিশ্বাস করে রড়ভাইয়ের কাছে গচ্ছিত রেখে আজ আমি নিঃস্ব। টাকা চাওয়ার আমার স্ত্রীকে পাশাবিক নির্যাতন করায় সে মৃত্যু পথযাত্রী। টাকা ফেরৎ ও নির্যাতনের বিচার চেয়ে আমি দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছি। আমি অসহায় হওয়ায় কেউ আমার পক্ষে কথা বলছেনা। গৌরনদী উপজেলা হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. মো. মনিরুজ্জামান জানান, গৃহবধূ রেখার ওপর অমানুষিক নির্যাতন করা হয়েছে। তার চিকিৎসা চলছে, তবে তিনি এখনও আশঙ্কামুক্ত নন। গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম এ প্রসঙ্গে বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
গৌরনদীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
‘অন্ন, বস্ত্র, বাসস্থান মাছ চাষে সমাধান’ এ শ্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বরিশালের গৌরনদীতে গতকাল বুধবার সকালে বর্ণাঢ্য র্যালী, সমাবেশ ও মাছের পোনা অবমুক্ত ও পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে সকাল ১১টায় বর্নাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। শেষে উপজেলা পরিষদ মিলনায়তে উপজলো নির্বাহী অফিসার মাসুদ হাসান পাটোয়ারীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার মন্ডল, প্রাণী সম্পদ কর্মকর্তা আশুতোষ গৌতম, জেলা ওয়ালফিস কর্মকর্তা জাহিদ হোসেন, মৎস্য অফিসার সঞ্জীব সন্নামত, মৎস্য চাষী সাবেক ইউপি সদস্য সুধীর কুমার, মো. জামাল সরদার, আব্দুল রব আকন প্রমুখ। শেষে শ্রেষ্ট মৎস্য চাষী হিসেবে মো. জামাল সরদার ও মোশারফ হোসেন মোল্লাকে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।
আগৈলঝাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৪ পালন
বরিশালের আগৈলঝাড়ায় মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৪ পালিত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রাণী সম্পদ কর্মকতা ডা. বখতিয়ার উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন্ উপজেলা ভাইস চেয়ারম্যান জসীম সরদার, মলিনা রানী রায়, কৃষি কর্মকতা ওমর ফারুক, মৎস্য কর্মকতা চন্দ্রশেখর সোম, যুব উন্নয়ন কর্মকতা একেএম মাসুদুল হাসান, সহকারী মৎস্য কর্মকতা রোজিনা আক্তার, এনায়েত হোসেন, গিয়াস উদ্দিন। পরে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
আগৈলঝাড়ায় পরিবার কল্যাণ সহকারীদের প্রশিক্ষণ সমাপ্ত
বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিপোর্ট প্রশিক্ষণ হলরুমে বরিশাল ও গোপালগঞ্জ জেলার এফডব্লিউএ কর্মীদের দু’মাসের প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সনদ বিতরণ করা হয়েছে। গতকাল আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণ কর্মকর্তা মো. হুমায়ন কবিরের সভাপতিত্বে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুগ্ন-সচিব ও পরিবার পরিকল্পনা বরিশাল বিভাগের পরিচালক হরিপ্রসাদ পাল। সভায় বক্তব্য রাখেন বরিশাল জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. রফিকুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অমিয় রতন ঘটক, মেডিকেল অফিসার ডা. অসীম রঞ্জন হালদার, সহকারী প্রশিক্ষক পবিত্র রানী বিশ্বাস প্রমুখ।
গৌরনদীতে গৃহে অগ্নিসংযোগ করে বাড়ি দখলের অভিযোগ
বরিশালের গৌরনদী উপজেলার পিঙ্গলাকাঠী গ্রামে এক দিনমজুরের বসতঘরে অগ্নিসংযোগ করে প্রতিপক্ষরা তার বাড়ি দখল করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। দিনমজুর মোস্তফা মৃধা তার পরিবার-পরিজন নিয়ে এখন খোলা আকাশের নিচে বসবাস করছেন। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে।
এলাকাবাসী ও পুলিশসুত্রে জানা গেছে, উপজেলার নলচিড়া ইউনিয়নের পিঙ্গলাকাঠী গ্রামের দিনমজুর মোস্তফা মৃধা’র সাথে প্রতিবেশী মান্নান সরদারের সাথে বাড়ির জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে বরিশাল আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। মোস্তফা মৃধা অভিযোগ করেন, রবিবার গভীর রাতে এলাকার ডিক্রিবাজ মান্নান সরদার একদল সন্ত্রাসী নিয়ে তার বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা মোস্তফার পরিবারের সবাইকে জিম্মি করে ঘরের মালামাল লুট করে। এরপর তারা মোস্তফার বসতঘর, গোয়ালঘর ও খড়ের পালায় আগুন দিয়ে পুড়িয়ে দেয়। ওই রাতেই মোস্তফার বাড়ি দখল করে এক অংশে ঘর উত্তোলন করে মান্নান ও তার লোকজন। খবর পেয়ে গতকাল সোমবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। মোস্তফা মৃধার সহোদর স্বপন মৃধা কান্না জড়িত কন্ঠে বলেন, প্রতিপক্ষ মান্নান সরদার জাল ডিক্রি করে আমাদের পৈতৃক বাড়িটি একাধিকবার দখলের চেষ্টা করে। ব্যর্থ হয়ে বসতঘরটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়ায় আমরা এখন পরিবারবর্গ নিয়ে খোলা আকাশে বসবাস করছি। গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম এ প্রসঙ্গে বলেন, ক্ষতিগ্রস্থরা অভিযোগ দিলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে। হামলা ও অগ্নিসংযোগের কথা অস্বীকার করে অভিযুক্ত মান্নান সরদার বলেন, আমি ওই সম্পত্তির ডিক্রিমূলে মালিক।
আগৈলঝাড়ায় অবৈধ বালু উত্তোলন কাজ বন্ধ করেছে পুলিশ
বরিশালের আগৈলঝাড়ায় পানি উন্নয়ন বোর্ডের খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন কাজ বন্ধ করেছে পুলিশ।
সংশ্লিষ্টসূত্রে জানা গেছে, সরকারী নিয়মনীতি উপেক্ষা করে আগৈলঝাড়া উপজেলার রাজিহার ওয়াপদা খাল থেকে অবৈধভাবে সোমবার থেকে বালু উত্তোলন করছে সোহেল হাওলাদার নামে এক ব্যক্তি। সোহেলকে স্থানীয়রা বাঁধা দিলে সে তাদের জানান, পানি উন্নয়ন বোর্ড থেকে বালু উত্তোলনের জন্য অনুমতি আনা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড এ ঘটনা জেনে মঙ্গলবার দুপুরে পুলিশ প্রশাসনকে জানায়। এসআই শহীদুর রহমান ঘটনাস্থলে গিয়ে বালু উত্তোলনকারীদের না পেয়ে মেশিন বন্ধ করে মেশিন চালানোর যন্ত্রপাতি নিয়ে আসে। এভাবে উপজেলার বিভিন্ন খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের করায় বিভিন্ন স্থানে রাস্তা ও বাড়িঘর হুমকির মুখে রয়েছে।
আগৈলঝাড়ার সাবেক ইউপি সদস্য ছালাম খান আর নেই
বরিশালের আগৈলঝাড়া উপজেলা বাগধা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ছালাম খান (৫০) দীর্ঘদিন অসুস্থ থাকার পরে মঙ্গলবার রাতে নিজবাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। গতকাল বুধবার বাদ জোহর মরহুমের জানাজার নামাজ শেষে উপজেলার পশ্চিম বাগধা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।



















