কালিয়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় দুইদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুন সোমবার বেলা ৩ টায় সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে তা শেষ হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রনালয়ের সহযোগীতায় কালিয়া উপজেলা প্রশাসন ওই মেলার আয়োজন করে।
কালিয়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত ওই মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদসহ স্বেচ্ছাসেবী সংগঠন সমূহ তথ্য ও প্রযুক্তিগত বিভিন্ন দিক প্রদর্শন করেছে। বিভিন্ন বিষয়ে পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে উপস্থাপনা করে দর্শকদের দেখানো হয়েছে। এতে দর্শকরা ডিজিটাল বাংলাদেশের সুবিধা এবং তা বাস্তবায়নের অগ্রগতিসহ তথ্য প্রযুক্তির নানা বিষয়ে বিশদ জ্ঞান লাভ করেছেন। মেলার স্টলগুলোতে দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মত। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ শাহিন হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার বাবু অসিত কুমার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব আল মামুন। কালিয়া উপজেলাকে ডিজিটাল করার মাধ্যমে দেশকে তথ্য প্রযুক্তিগত উন্নয়নে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বক্তারা। সমাপনী অনুষ্ঠানে তথ্য প্রযুক্তি প্রদর্শনের উপর বিবেচনা করে ১ম, ২য় ও তৃতীয় স্থান নির্ধারনী হয় এবং তাদের পুরষ্কৃত করা হয়। এছাড়া মেলায় অংশগ্রহনকারী সকল প্রতিষ্ঠানকে একটি করে পেন ড্রাইভ উপহার দেয়া হয়। কালিয়া পৌর এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর চেয়ে ইউনিয়ন পর্যায়ের অনেক শিক্ষা প্রতিষ্ঠান তথ্য প্রযুক্তি ব্যবহারের দিক থেকে এগিয়ে, এমন অভিমত ব্যক্ত করেছেন কয়েকজন দর্শক। বড়দিয়া ফজিলাতুন্নেসা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের রসায়নের শিক্ষক অজয় কুমার জানান, তার বিদ্যালয়ে পদার্থ, রসায়ন, বাংলা ও ইংরেজী বিষয়ে মাল্টিমিডিয়া প্রোজেক্টরের মাধ্যমে শিক্ষার্থীদের পড়ানো হয়। স্টল নিয়ে বসা মহাজন-ঘোষিবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষক হিসাববিজ্ঞান ও কম্পিউটার বিষয়ের উপর স্লাইড প্রদর্শন করেন যা ছাত্র-ছাত্রীদের ক্লাসে ডিজিটাল পদ্ধতিতে পাঠদান করানো হয় বলে জানায় কয়েকজন শিক্ষার্থী। অপরদিকে কালিয়ার প্রাণকেন্দ্রে অবস্থিত দু’টি বিদ্যালয় পাইলট এবং বালিকা স্কুলে কখনও ডিজিটাল পদ্ধতিতে পাঠদান করা হয়নি বলে জানায় একাধিক শিক্ষার্থী। ফলে ডিজিটাল বাংলাদেশের সপ্ন নিয়ে শঙ্কা করছে এসব স্কুলের শিক্ষার্থীরা। মেলায় আগত দর্শকদের ফ্রি ই-মেইল আইডি খুলে দেয়া হয়। এ মেলাটি কালিয়া উপজেলাকে ডিজিটালাইজেশনে কয়েকধাপ এগিয়ে নিয়ে গেল বলে অভিমত ব্যক্ত করেন কয়েকজন দর্শক।



















