মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার পৌরসভার ২০১৪-২০১৫ অর্থ বছরের ৫৫ কোটি ৬৫ লাখ ৬৫ হাজার ৪০৫ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। ২৫ জুন বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে পৌর জনমিলন কেন্দ্রে এক জনাকীর্ণ সুধী সমাবেশে পৌর মেয়র ফজলুল করিম ময়ুন এ বাজেট ঘোষনা করেন ।

বাজেটে সমপরিমাণ ব্যয় ধরা হয়েছে। প্রস্তাবিত বাজেটে কোনরূপ নতুন কর আরোপ না করে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বাজেটে আয়ের উৎস হিসেবে পৌর পানি সরবরাহ শাখার আয়, উন্নয়ন খাতে আয়, পৌরকর, স্থাবর সম্পত্তি হস্তান্তর কর, অন্যান্য কর, হাট-বাজার, বেরি লেইক, বাসস্ট্যান্ড, পুকুর, দোকান সেলামি, পৌর সম্পত্তি ভাড়া, রাজস্ব খাতে সরকারি অনুদান, ক্ষুদ্রঋণ খাতে আয়সহ বিভিন্ন ক্ষেত্র দেখানো হয়েছে। একই সঙ্গে মেয়র ও কাউন্সিলরদের সম্মানীভাতা, কমিউনিটি শিক্ষকদের সম্মানীভাতা, ঘরভাড়া, স্বাস্থ্য ও পয়ঃপ্রণালী খাতে ব্যয়, ঋণ পরিশোধসহ বিভিন্ন খাতে সমপরিমাণ ব্যয় ধরা হয়েছে।
পৌরসভার উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) রণধীর রায় কানুর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পৌরসভার সচিব সৈয়দ মো. আবুজর গিফরী। উপস্থিত ছিলেন কাউন্সিলর মনবীর রায় মঞ্জু, আয়াছ আহমদ, নাহিদ হোসেন, স্বাগত কিশোর দাশ চৌধুরী সহ বিভিন্ন শ্রেণীর সাংবাদিক ও জেলার গন্যমান্য ব্যাক্তিবর্গ। বাজেট বক্তৃতায় পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন প্রস্তাবিত বাজেটটি সফলভাবে বাস্তবায়ন করার লক্ষে সবার সহযোগিতা কামনা করেছেন।



















