নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে ইভটিজিংয়ের দায়ে এক যুবককে এক বছরের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার সকাল সোয়া ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অভিজিৎ রায়ের ভ্রাম্যমান আদালত নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের সিধইল গ্রামের সাহেব আলীর ছেলে বেনজির আহম্মেদ (২৫) কে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেয়। সে নন্দীগ্রাম পৌর এলাকার নামুইট গ্রামের এক মহিলাকে ইভটিজিং করে। ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন, এসআই আকিবুল ইসলাম ও বেঞ্চ সহকারী সাইদুজ্জামান।
নন্দীগ্রাম দামগাড়া প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত

শিক্ষার মানোন্নয়ন ও ঝড়েপড়ারোধে নন্দীগ্রাম পৌর এলাকার দামগাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল দুপুর ১২ টায় স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার আ.কাইয়ুম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্যানেল মেয়র ও কাউন্সিলর আখতারুজ্জামান উজ্জ্বল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, ম্যানেজিং কমিটির সদস্য জাহাঙ্গীর আলম, কফিল উদ্দিন, মাহবুবুর রহমান ও হালিমা বেগম প্রমুখ।



















