নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে বেআইনীভাবে ৩ পরিবারকে একঘরে করে রেখেছে গ্রাম্য মাতব্বরা। জানা গেছে, নন্দীগ্রাম উপজেলার ৩ নং ভাটরা ইউনিয়নের শেখেরমাড়িয়া গ্রামের সেকেন্দার আলী ও তার ছেলে মোখলেছুর রহমান, আ.মজিদ ও নুর মোহাম্মাদের সাথে একই গ্রামের মৃত সমতুল্লাহ’র ছেলে জয়েন উদ্দিনের জায়গা-জমি নিয়ে বিরোধ সৃষ্টি হয়। ওই বিরোধের জেরধরে গত ৫ই মে শেখেরমাড়িয়া গ্রামে একটি গ্রাম্য সালিশ বসে। ওই সালিশের মাতব্বর শেখেরমাড়িয়া গ্রামের আহাদ আলী ও আ.সাত্তার গংরা সেকেন্দার আলীসহ তার ছেলে আ.মজিদ ও নুর মোহাম্মাদকে একঘরে করে রাখার সিদ্ধান্ত নেয়। সে থেকে আজও তারা একঘরে অবস্থায় রয়েছে। তাদেরকে বেআইনীভাবে একঘরে করে রাখায় তারা নানা ধরণের কাজকর্ম করতে পারছেনা। এমনকি সমাজের লোকজনদের সাথে সামাজিকতা রক্ষায় বাধা নিষেধ প্রদান করা হচ্ছে। গত ১৫ ই জুন সেকেন্দার আলীর মেয়ে হালিমা খাতুনের বিয়ের দিনে গ্রাম্য থালা বাসনপত্র চাওয়া হলে তাও দেয়া হয়নি। অনেকেই বিয়ের দাওয়াত খেতে আসতে লাগলে তাদেরকে বাধা নিষেধ প্রদান করে গ্রাম্য মাতব্বরা। এরপূর্বে সেকেন্দার আলী ও তার ছেলেরা জমিতে ধান কাটতে গেলে তাদের কাছ থেকে কাঁচি কেড়ে নেয়া হয়। নুর মোহাম্মাদের একটি দোকান রয়েছে তাও খুলতে বাধা নিষেধ প্রদান করা হয়। ওই ব্যাপারে সেকেন্দার আলীর ছেলে মোখলেছুর রহমানের সাথে কথা বললে তিনি বলেছেন, আমার পিতা ও ভাইদের একঘরে করে রাখার কারণে তাদের সামাজিক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। এতে তারা মানবেতর জীবন যাপন করছে। যা দেখার কেউ নেই ? আইন অনুযায়ী কাউকে একঘরে করে রাখার নিষেধ থাকলেও শেখেরমাড়িয়া গ্রামের মাতব্বরা তা মানছেনা। এতে আইনকে অবমাননা করা হচ্ছে। ওই বিষয়ে স্থানীয় ইউপি সদস্য এসাহাক আলীর সাথে কথা বললে তিনি বলেন, তাদেরকে একঘরে করার কথা শুনেছি। শেখেরমাড়িয়া গ্রামের লোকজনের সাথে কথা বললে তাদেরকে একঘরে করার কথা স্বীকার করে।



















