তাপস কুমার, আত্রাই (নওগাঁ) : নওগাঁর আত্রাইয়ে অনুনোমোদিত ৩টি রেলক্রসিংয়ে গেটম্যান নেই। ইতিপূর্বে অসাবধানবশত: গেটম্যান বিহীন রেলক্রসিং পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে কয়েকটি হতাহতের ঘটনাও ঘটেছে। গুরুতর আহত হয়ে অনেকে পঙ্গুঁ জীবনযাপন করছে। ফলে ৩ টি অরক্ষিত রেলক্রসিং গেট এখন মরনফাঁদে পরিনত হয়েছে।
জানা গেছে, উপজেলার আহসানগঞ্জ রেলষ্টেশনের উত্তর দিকে আত্রাই-পতিসর সংযোগ সড়কের তেতুলিয়া রেলক্রসিং গেট, রেলষ্টেশনের অদুরে বেইলি ব্রিজের দক্ষিণ পার্শ্বে বিহারীপুর রেলক্রসিং ও সাহাগোলা রেলষ্টেশনের উত্তরে অবস্থিত অরক্ষিত রেলক্রসিয়ে গেটম্যান নেই। গেটম্যানবিহীন রেলক্রসিং দিয়ে জীবনের ঝুকি নিয়ে যানবাহন ও মানুষ পারাপার হতে হয়।
এলাকাবাসি অভিযোগ করে বলেন, এসব অরক্ষিত রেলক্রসিংয়ে কোন গেটম্যান নিয়োগ করেনি রেল কর্তৃপক্ষ। এর ফলে যত্রতত্র দুর্ঘটনা ঘটছে।
রেলষ্টেশন এলাকার বেকারি ব্যবসায়ী শেখ রফিক জানান, গেটম্যান নিয়োগের দাবিতে স্থানীয় জনসাধারনকে নিয়ে তিনি ইতিপূর্বে রেলের উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন, কিন্তু কোন কাজ হয়নি।
আত্রাই রেলষ্টেশন মাষ্টার জানান, বিষয়টি পশ্চিমাঞ্চল রেলের উর্ধতন কর্মকর্তাকে জানানো হয়েছে।



















