শেরপুর (শ্রীবরদী) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে সাংবাদিকের ৩টি ক্যামেরা, ৫টি মোবাইল সেট ও নগদ অর্থসহ একটি প্লাটিনা মোটর সাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ২১ জুন শনিবার দিবাগত রাতে শেরপুর হতে শ্রীবরদী যাওয়ার পথে গলাকাটা ব্রীজের পার্শ্বে ওই ঘটনাটি ঘটে। একদল ছিনতাইকারী পথ রোধ করে তাদের কাছ থেকে সাংবাদিকদের ওইসব সরঞ্জামাদিসহ মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায়। ওই ঘটনায় শ্রীবরদী থানায় একটি মামলা হয়েছে।

জানা যায়, শনিবার সন্ধ্যায় শেরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যকরী পরিষদের কর্মকর্তা-সদস্যদের পরিচিতি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। ওই অনুষ্ঠান থেকে শ্রীবরদী-শেরপুর বাইপাস সড়কের লংগরপাড়া গলাকাটা ব্রীজের পার্শ্বে দৈনিক স্বদেশ সংবাদ পত্রিকার প্রতিনিধি এনামূল কবির, দৈনিক আজকের বাংলাদেশ পত্রিকার আব্দুল বাতেন ও সাপ্তাহিক দশকাহনীয়া পত্রিকার প্রতিনিধি একেএম ফারুক আহমেদ একই মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। ওই সময় একদল ছিনতাইকারী রাস্তা পথরোধ করে দেশীয় অস্ত্র দ্বারা ভয়ভীতি দেখিয়ে তাদের হাত পা বেঁধে মোটরসাইকেল ও তাদের সাথে থাকা ৩ টি ডিজিটাল ক্যামেরা, ৫ টি মোবাইল সেট ও নগদ কয়েক হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল উদ্দিন তরফদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ছিনতাইকারীদের সনাক্ত করে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।



















