তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : কুমিল্লা সীমান্তবর্তী এলাকা বৌয়ারা বাজারের নোয়াপাড়া গ্রামে যৌতুকের দাবিতে এক সন্তানের জননী পারুল (২২)কে হত্যা করে মুখে বিষ ঢেলে দিয়ে আত্মহত্যা বলে অপপ্রচার চালিয়েছে নিহতের শ্বশুর বাড়ির লোকজন। গতকাল শুক্রবার রাত ৯টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের পিতা গতকাল শনিবার বাদী হয়ে ৪ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামীরা হচ্ছে-নিহতের স্বামী সুমন, দেবর মোহনসহ শ্বশুর-শাশুরী।
কোতয়ালী মডেল থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়- বিয়ের মাস খানিক যেতে না যেতে সুমন তার স্ত্রীকে শ্বশুড় বাড়ি থেকে যৌতুকের জন্য চাপ সৃষ্টি করলে প্রথমে কিছু টাকা সুমনের হাতে এনে দেয়। পরবর্তীতে সুমন পুনরায় আরও টাকা আনার জন্য স্ত্রী পারুল আক্তারকে চাপ সৃষ্টি করলে সে অপারগতা প্রকাশ করে। এতে ক্ষিপ্ত স্বামী সুমন, দেবর মোহনসহ শুশ্বর শাশুড়ীদের নির্মম নির্যাতনের শিকার হয় পারুল। শুক্রবার রাতে তাকে বেধড়ক মারধর, নির্যাতন ও গলাটিপে হত্যা করে মুখে বিষ ঢেলে দেয়। পরে এলাকাবাসীকে ঢেলে বলে পারুল আত্মহত্যা করেছে। পারুলের পিতা ঘটনাস্থলে গিয়ে পুলিশকে খবর দিলে পুলিশ যাওয়ার আগেই বাড়ির সবাই পালিয়ে যায়। পরে লাশ উদ্ধার করে কুমিল্লা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করে।
এ বিষয়ে কোতয়ালী মডেল থানা উপপরিদর্শক এসআই সহিদুল ইসলাম জানান- তাকে হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর জানা যাবে। তবে নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ বিষয়ে নিহত পারুলের পিতা আকমত উল্লাহ বাদী হয়ে গতকাল শনিবার সকালে কোতয়ালী মডেল থানায় ৪ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। তবে আসামী সকলে পলাতক রয়েছে।
কুমিল্লায় পৃথক অভিযানে ১৬’শ পিচ ইয়াবা ও প্রাইভেটকার সিএনজিসহ ২ জন আটক

কুমিল্লায় পুলিশ ও বিজিবি’র পৃথক অভিযানে ১হাজার ৬’শ পিচ ইয়াবা, প্রাইভেটকার, সিএনজিসহ ২ জনকে আটক করা হয়েছে। গতকাল শনিবার সকালে এ দু’টি অভিযানে এসব মালামাল আটক করা হয়েছে।
কুমিল্লা-১০ বর্ডার গার্ড (বিজিবি) ব্যাটালিয়ানে অধিনায়ক (পরিচালক) মোঃ শহিদুর রহমান এক প্রেস ব্রিফিংয়ে জানান- গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার এলাকায় বিজিবির একটি টহল দল শনিবার ভোর ৬টায় অভিযান চালিয়ে ১৪০ পিছ ইয়াবা ট্যাবলেট ও ১টি সিএনজিসহ ২ ইয়াবা ব্যবসায়ীকে আটক করে। আটককৃতরা হলো- জেলার বরুড়া উপজেলার কান্দরা দেওয়া এলাকার সুরিচো গ্রামের মৃত পিয়ারী মোহন অধিকারীর পুত্র শ্রী উজ্জল অধিকারী (৪০), ও একই উপজেলার জিনসার গ্রামের ওমর খাতাবের পুত্র মোঃ আক্তার হোসেন (৩৫)। আটককৃতদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা ও সিএনজির আনুমানিক মূল্য ৫ লাখ ৪২ হাজার টাকা বলে ধারণা করা হয়েছে। এছাড়া কুমিল্লা আদর্শ সদর উপজেলার ভারতীয় সীমান্তবর্তী বড়জ্বালা বিওপির বিজিবির সদস্যরা নিচিন্তপুর শনিবার গভীর রাত ২ টায় অভিযান চালিয়ে ভারতীয় হুইস্কি ৬৩ বোতল এবং জেলার বুড়িচং উপজেলার সংকুচাইল এলাকার নদীয়াবাদ গ্রামে অভিযান চালিয়ে ভারতীয় থ্রী পিছ ১৫টি এবং জট গাঁজা-২৩ কেজি উদ্ধার করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। আটককৃত মাদকদ্রব্যর ও অন্যান্য মালামালের সর্বমোট আনুমানিক মুল্য ৮ লাখ ১৮ হাজার ৫’শ টাকা বলে ধারণা করা হয়েছে। আটককৃত মাদকদ্রব্য ও মালামাল কুমিল্লা কাস্টমস্/ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।
এদিকে জেলার দাউদকান্দি থানার উপ-পরিদর্শক সুমন দেবনাথ জানান-গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি টোলপ্লাজার নিকট ঢাকাগামী একটি প্রাইভেটকারকে (ঢাকা মেট্টো-গ-২১-৪৩৭০) থামার সংকেত দিলে গাড়িটি দ্রুত গতিতে গোমতী সেতুর উপর চলে যায়। সেতুর উপর প্রাইভেটকারটি রেখে চালক দ্রুত পালিয়ে যায়। এ সময় পুলিশ গাড়িটি তল্লাশী করে ১ হাজার ২’শ পিছ ইয়াবাসহ প্রাইভেটকারটি থানায় নিয়ে আসে। এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি। এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।



















