অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) : বরিশালের আগৈলঝাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে হামলা-সংঘর্ষে মহিলাসহ আহত হয়েছে ৩০ জন। গুরুতর আহত ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে করেন এবং ১জনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় ও আহতসূত্রে জানা গেছে, রোববার রাতে ভাউধর গ্রামে কীর্ত্তন অনুষ্ঠানে পশ্চিম মোল্লাপাড়া গ্রামের মাখন লাল বৈদ্যর ছেলে অসীম বৈদ্যকে মারধর করে ঐচারমাঠ গ্রামের যুধিষ্টির বালার ছেলে সঞ্জয় বালা। এ ঘটনার জের ধরে গতকাল সোমবার সকালে সঞ্জয় বালার নেতৃত্বে একদল গ্রামবাসী ঐচারমাঠ বাজারে পশ্চিম মোল্লাপাড়া গ্রামের লোকজনের উপর লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় উভয়পক্ষের মধ্যে ধাত্তয়া-পাল্টা ধাওয়ায় হামলা-সংঘর্ষে দিলীপ বিশ্বাস, সুনীল, পলাশ, সুষেন, মনোহর, দুলাল, নিখিল, রবীন, অমল, সবুজ, লিটন, জয়, বিভীষণ, বিদূর, জয়হরি, রতন, হৃদয়, বাসুদেব, প্রদীপ, রীতা, কবিতা, ঝর্ণা, শৈব্যা রানী, সাধনা ও রতনসহ ৩০ জন আহত হয়। গুরুতর আহত ১০ জনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সংবাদ শুনে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এব্যাপারে আগৈলঝাড়া থানার ওসি মো. সাজ্জাদ হোসেন জানান, ঝন্টু বালা নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এখন পর্যন্ত মামলা করার জন্য কেউ আসেনি। এলে মামলা নেয়া হবে।



















