সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহার উপজেলার দক্ষিন কলমুডাঙ্গায় অবস্থিত তিরইল বিলের পানিতে ডুবে দুই বোনসহ তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত শুক্রবার বিকাল ৫ টার দিকে তিন শিশুর ভাসমান মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত শিশুরা হলো উপজেলার দক্ষিণ কলমুডাঙ্গা গ্রামের সাহাজামান আলীর দুই মেয়ে নাজিফা পারভীন (৬) ও সুফিয়া পারভীন (১০) এবং সাজামান হোসেনের প্রতিবেশী সুলতান হোসেনের মেয়ে সানজিদা (৭)।
পাতাড়ী ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম জানান, নিহতদের বাড়ীর সাথে লাগানো তিরইল বিল। তাদের অভিভাবক দুপূরে বাড়ী না থাকার সময় ওই তিন শিশু সবার অজান্তে এক সাথে পানিতে গোসল করতে যায়। বিকেলে তারা বাড়ীতে ফিরে তাদের মেয়েদের দেখতে না পেয়ে খোঁজাখোঁজি শুরু করেন। একপর্যায় বিকাল ৫ টার দিকে তিরইল বিলের পানিতে তাদের ভাঁসমান মৃতদেহ দেখতে পায়। তাদের উদ্ধার করে উপজেলা সরকারী হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। দুই বোনসহ তিন শিশুর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শুকের ছায়া নেমে আসে। ওইদিন রাত ৮ টার সময় তিন শিশুর লাশ দাফন সম্পন্ন হয়।



















