রাজশাহী প্রতিনিধি : ক্যাম্পাস খোলার দুই দিন পার হয়ে গেলেও বন্ধ হয়ে যাওয়া হলের ডাইনিংগুলো এখনও চালু করেননি কর্তৃপক্ষ। চালু হয়নি বন্ধ ক্যাফেটেরিয়াও। তবে এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের ছেলেদের মাদার বখশ ও শহীদ শামসুজ্জোহা হলের ডাইনিং চালু করা হয়েছে। বাকী মেয়েদের ৫টি এবং ছেলেদের ৯টি হলের ডাইনিং খোলা হয়নি এখনও।
এদিকে ক্লাশ-পরীক্ষা থাকার কারণে ১০ জুনের মধ্যে ক্যাম্পাসে চলে এসেছেন সকল বিভাগের শিক্ষার্থীরা। কিন্তু শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসার পরেও ডাইনিং চালু না থাকায় দুপুর ও রাতের খাবার নিয়ে বিপাকে পড়েছেন অন্তত পাঁচ হাজার আবাসিক শিক্ষার্থী। তবে সকালের নাস্তার জন্য বিশ্ববিদ্যালয়ের সকল হলের সামনে এবং ক্যাম্পাসের বিভিন্ন চত্বরে চায়ের দোকান থাকায় তা নিয়ে তাদের বেগ পেতে হচ্ছে না।বন্ধ রাখা হয় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া।

এদিকে ক্যাম্পাসের বাহিরে বিভিন্ন মেসে বা বাসায় থাকা আরও অন্তত পাঁচ হাজার শিক্ষার্থী নিয়মিত আবাসিক হলের ডাইনিংগুলো রাত ও দুপুরের খাবার খেয়ে আসলেও সেগুলো বন্ধ থাকায় তাদেরকেও বিপাকে পড়তে হয়েছে। খাবার নিয়ে দূর্ভোগে পরেছেন কেন্দ্রীয় ক্যাফেটেরিয়োয় প্রতিদিন খেতে আসা আরও অন্তত দেড় হাজার শিক্ষার্থী।
শিক্ষার্থীরা বলছেন, ডাইনিং ও ক্যাফেটেরিয়া বন্ধ থাকার ফলে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর, কাজলা, স্টেশন বাজার ও ক্যাম্পাসের ভিতরের দোকান থেকে বেশী দামে খাবার খেতে হচ্ছে তাদের। আর ক্লাশ শেষ করে এসব স্থানে গিয়ে খাবার খেতেও তাদেরকে অনেকটাই বেগ পেতে হচ্ছে বলে জানাচ্ছেন শিক্ষার্থীরা। তাই উপায় না দেখে অনেককেই আবার বাধ্য হয়েই শুরু করেছেন রান্না।
আবার মেয়েদের হলের একাধিক আবাসিক ছাত্রী বলছেন, হলের ডাইনিং চালুর বিষয়ে একাধিক বার কর্তৃপক্ষকে বলার পরেও তারা দুই দিনেও এ ব্যবস্থা করেননি। তাই এখন মনে হচ্ছে বাড়ি থেকে ক্যাম্পাসে এসে ভুলই করেছি।
সৈয়দ আমীর আলী হলের ডাইনিং-এর কর্মচারী সাদ্দাম হোসেন জানান, হলের ডাইনিং কবে খোলা হবে তা আমার জানা নাই। শিক্ষার্থীরা বেশি হলে কয়েক দিনের মধ্যেই চালু করা হতে পারে।
হলে ডাইনিং চালুর বিষয়ে জানতে চাইলে প্রভোস্টে কাউন্সিলের আহ্বায়ক ও শাহ মখদুম হল প্রাধ্যক্ষ ইমতিয়াজ আহমেদ বলেন, আমার হলের ডাইনিং রুমের মেরামত কাজ চলছে। তাই আগামী ২০ জুন পর্যন্ত হয়তো তা বন্ধ রাখতে হবে। তবে ক্যাম্পাস খোলার পরও অন্য হলগুলোর ডাইনিং কেনো বন্ধ রয়েছে এবং কবে খোলা হবে তা আমার আমার জানা নাই।
এসব বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা সাদেকুল আরেফিন মাতিন বলেন, দুই দিনেও কেনো হলের ডাইনিংগুলো চালু করা হলো না আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। তবে দ্রুত হলের ডাইনিং ও ক্যাফেটেরিয়া চালু করে দেয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১৬ টি আবাসিক হলের মধ্যে এখন ১৪ হলের ডাইনিং বন্ধ রয়েছে। এতে করে খাওয়া নিয়ে চরম দূর্ভোগে রয়েছেন ওই হলগুলো অবস্থান করা অন্তত পাঁচ হাজার শিক্ষার্থী।

এছাড়াও এসব হলগুলোতে প্রতিদিন খেতে আসা বিশ্ববিদ্যালয়ের আরও অন্তত পাঁচ হাজার শিক্ষার্থী দুপুর ও রাতের খাবার নিয়ে কষ্টে রয়েছেন বলে জানিয়েছেন তাঁরা। তবে এ সমস্যা থেকে কবে উদ্ধার পাওয়া যাবে সে সম্পর্কে কিছুই জানাতে পারেননি সকল হলগুলোর দায়িত্বে থাকা প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খাওয়ার জন্য একমাত্র ক্যাফেটেরিয়াটিও বন্ধ করে রেখেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে করে সেখানে প্রতিদিন খেতে আসা আর অন্তত দেড় হাজার শিক্ষার্থী পড়েছেন বিপাকে।
খোঁজ নিয়ে জানা যায়, গত ১ থেকে ১০ জুন পর্যন্ত গ্রীষ্মকালিন ছুটিতে যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়। তবে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও চালু রাখা হয় সকল আবাসিক হল। কিন্তু ক্যাম্পাস বন্ধের কারণে অনেক শিক্ষার্থীরা বাড়িতে চলে গেলে বন্ধ করে দেয়া হয় আবাসিক হলের ডাইনিং ও ক্যান্টিনগুলো।



















