শ্যামলবাংলা ডেস্ক : নারায়ণগঞ্জের ৭ খুনের মূল হোতা নূর হোসেনসহ ৫ সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। ১৪ জুন শনিবার কলকাতার দমদম বিমানবন্দরের কাছে কৈখালী এলাকায় বহুতল একটি আবাসন ভবনের চতুর্থ তলা থেকে তাদের গ্রেফতার করেছে ভারতীয় অ্যান্টিটেরোরিজম স্ট্কোয়াড। একটি জুয়ার আসর থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা বর্তমানে বাবুইহাটি থানায় পুলিশের হেফাজতে রয়েছে। সোমবার তাদের বারাসাত আদালতে হাজির করা হবে। নূর হোসেনের সঙ্গে গ্রেফতার হওয়া অন্যরা হলো- ঢাকার দুর্ধর্ষ তিন সন্ত্রাসী শামীম, আসিক ও আসিফ। এদিকে, নাম প্রকাশ না করার শর্তে র্যাবের উচ্চপর্যায়ের একটি সূত্র নূর হোসেনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে। ওই সূত্র আরও জানায়, নূর হোসেনের কাছ থেকে মোবাইল ফোনসেট, সিম ও ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র কাউন্সিলর নজরুল ইসলাম ও অ্যাডভোকেট চন্দন সরকারসহ ৭ জনকে গুম ও হত্যার মহৃল আসামি নূর হোসেন। তাকে ধরার জন্য ইন্টারপোলে রেড ওয়ারেন্ট জারি করা হয়েছিল। গত ২৭ এপ্রিল অপহরণ ও গুমের ঘটনার পর হত্যা মামলার প্রধান আসামি নূর হোসেন ভারতে পালিয়ে যান।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভারতীয় সময় রাত সাড়ে ১১টার দিকে ইন্দ্রপ্রস্ত’ ভবনের একটি ফ্ল্যাটে ভারতীয় অ্যান্টিটেরোরিজম স্কোয়াড তাকে ধরার জন্য অভিযান চালায়। ওই সময় বাসার দরজায় টোকা দিলে দরজা খোলার সঙ্গে সঙ্গে এই বাহিনী ভেতরে ঢুকে পড়ে। তাদের ধারণা ছিল, নূর হোসেনের কাছে ভারী অস্ত্র রয়েছে। এ কারণে তারা প্রস্তুতি নিয়েই ভেতরে প্রবেশ করে। কিন্তু নূর হোসেন কিছু বুঝে ওঠার আগেই তাদের গ্রেফতার করতে সক্ষম হয় তারা। ওই ফ্ল্যাটের মালিক সীমা সিংহ।



















