রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা সোনালী ব্যাংক শাখায় লোকবল সংকোটের কারণে হয়রানি ও বিড়ম্বনার শিকার হচ্ছে গ্রাহক। আম ব্যবসায়ীরা এ সময় ব্যাংক লেনদেনে যোগ হওয়ায় সংকট আরো বাড়ছে। শাখায় ২০ জন কর্মকর্তার প্রয়োজন থাকলেও কর্মরত আছেন মাত্র ১২ জন। ফলে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রাহকদের।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, বাঘা সোনালী ব্যাংকে পূর্বের যে কোন সময়ের চেয়ে এখন অনেক বেশি অর্থ লেনদেন হচ্ছে। এর প্রধান কারন আম। বর্তমানে আমের মৌসুম হওয়ার কারণে দেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে টাকা টিটি করা হচ্ছে। এ দিক থেকে প্রতিদিন যে পরিমান টিটি আসছে সে পরিমান অর্থ গ্রাহকদের দিতে পারছে না ব্যাংক কর্তৃৃপক্ষ। ফলে হয়রানি ও বিড়ম্বনার শিকার হতে হচ্ছে এলাকার গ্রাহক ও ব্যবসায়ীদের।
বাঘার আমোদপুর গ্রামের আম ব্যবসায়ী নহু সরকার অভিযোগ করে বলেন, গত দুইদিন পূর্বে ঢাকা থেকে তার নামে দুই লাখ টাকার টিটি আসে। কিন্তু ব্যাংক কর্তৃৃপক্ষ লোকবল সংকটের আজুহাতে ভাউচার তৈরী না হওয়ায় তাকে পরদিন টাকা দেন। একই কথা বলেন অপর এক আম ব্যবসায়ী মাসুদ করিম। তিনি নাম প্রকাশ না করার শর্তে জানান, বাঘায় এমনও ব্যবসায়ী রয়েছে যারা ব্যাংকের কতিপয় কর্মচারির হাতে সকালে চেক হস্তান্তর করে আম বাগানে যান। এরপর বিকেলে টাকা হাতে পেয়ে তাদের খুশি করে বাড়ি ফেরেন।

এদিকে ব্যাংকে এসে লাইনে দাড়িয়ে থাকা কয়েকজন স্কুল শিক্ষক অভিযোগ করে বলেন, বর্তমানে আম মৌসুম চালু হওয়ার পর ব্যাংকের ভেতর বসাতো দুরের কথা, পা ফেলার জায়গা হচ্ছে না। এরপর টাকা তোলার জন্য তাদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এটা এক ধরনের ভোগান্তি। তারা এই ভোগান্তি থেকে পরিত্রান পাওয়ার দাবি জানান।
সার্বিক বিষয়ে ব্যাংক ম্যানেজার বদরুদ্দোজা জানান, এই শাখায় গত একমাস পূর্বেও সর্বোচ্চ লেনদেন হয়েছে দুই থেকে তিন কোটি টাকা। বর্তমানে আমের কারনে লেনদেন হচ্ছে ৬ থেকে ৭ কোটি টাকা। এর ফলে রিসিভ ও পাঠানোসহ তাদের প্রতিদিন গড়ে প্রায় এক হাজার ভাউচার তৈরী করতে হচ্ছে। তাঁর মতে, ব্যাংকে লোকবল বৃদ্ধি করাসহ ক্যাশ কাউন্টার এবং কম্পিউটার বাড়ানো হলে গ্রাহকরা বিড়ম্বনার শিকার হবেন না। তিনি এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছেন বলে জানান।



















