আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার তালতলীতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ১৪ জুন শনিবার দুপুরে চাচার হাতে ভাতিজা খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের উত্তর গাববাড়ীয়া গ্রামে। জানা গেছে, ঐ গ্রামের দুই সহোদর ছত্তার তালুকদার ও ওমর আলী তালুকদারের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। ঘটনার দিন শনিবার দুপুরে ছত্তার তালুকদার ও তার ছেলে নাসির (৩২) কে নিয়ে জমির বিরোধ মিমাংশার জন্য ছোটভাই ওমর আলীর বাড়ীতে আসেন। এসময় জমির ভাগ বাটোয়ারা নিয়ে চাচা ওমর অলী তালুকদার ও ভাতিজা নসিরের মধ্যে বাক বিতন্ডা শুরু হয়। এক পর্যায় চাচা ওমর আলী বাড়ীতে থাকা ছুরি ভাতিজা নাসিরের পেটে ঢুকিয়ে দেয়। ধারালো ছোড়ার আঘাতে ঘটনাস্থলেই নাসির নিহত হন। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মিজানুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলা হয়েছে আসামী গ্রেপ্তারের জোর প্রচেষ্টা চলছে।



















