পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় কোষ্টগার্ড অভিযান চালিয়ে বন্দুক, চকলেটবাজি ও বন্দুকের কাতুজসহ বনদস্যু রওশনকে আটক করেছে। ঘটনাটি সোমবার গভীর রাতে উপজেলার বয়ারঝাপা গ্রামে। থানা মামলা দায়ের হয়েছে।

থানা ও কোস্টগার্ড সূত্রে জানা যায়, পাইকগাছা উপজেলার বয়ারঝাপা গ্রামে সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড মোংলা জোনের নেতৃত্বে অভিযান চালিয়ে বয়ারঝাপা গ্রামের ছামাদ গাজীর পুত্র বনদস্যু রওশন গাজী (৩২) কে আটক করে। তার স্বীকারোক্তি মোতাবেক বয়রাঝাপা গ্রামের বরইতলা খেয়াঘাটের সন্নিকটের দোকানের পিছনের মাটি খুড়ে ৯টি দেশি তৈরী বন্দুক, একটি বন্দুক তৈরীর পাইপ, ১৬ রাউন্ড বন্দুকের কার্তুজ ও ২৪ টি চকলেট বাজি উদ্ধার করে। এরপর বনদস্যু রওশনকে নিয়ে কোষ্টগার্ডের সদস্যরা খুলনায় যায়। সন্ধ্যায় পাইকগাছা থানায় অস্ত্রসহ বনদস্যুকে সোপর্দ করে। এ ব্যাপারে পাইকগাছা থানায় অস্ত্র আইনে ১৯ নং মামলা দায়ের হয়েছে। পাইকগাছা থানার ওসি শিকদার আককাছ আলী জানান কোষ্টগার্ড অস্ত্রসহ বনদস্যু রওশনকে থানায় হস্তান্তর করে মামলা করেছে। মামলার তদন্তের স্বার্থে এই মুহুর্তে কোন মন্তব্য করা যাবে না।



















