চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সেনেরহুদায় আ.লীগ নেতা আবু জাফরকে লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার সেনেরহুদা গ্রামের উথলী ইউনিয়ন ২নং ওয়ার্ড আ. লীগের সভাপতি আবু জাফর বিদ্যুৎ না থাকায় বাড়ির বাইরে বাঁশের মাচায় বসেছিল। এ সময় ৮-১০ জন মুখোশধারী দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে একটি শক্তিশালী বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। বোমাটি লক্ষ্যভ্রষ্ট হয়ে বিস্ফোরিত হয়। এতে আবু জাফর অল্পের জন্য প্রাণে বেঁচে যায়। বোমার বিকট শব্দে এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। খবর পেয়ে রাতেই জীবননগর থানার ওসি ইকবাল আহম্মেদ ঘটনাস্থল পরিদর্শন করে বোমার আলামত উদ্ধার করেন। এদিকে, এলাকায় একের পর এক অপহরণ, ডাকাতি, ছিনতাই, বোমা বিস্ফোরণ ঘটনায় জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে।



















