ইয়ানুর রহমান যশোর : মঙ্গলবার সকালে শার্শার বাগআঁচড়ায় সন্ত্রাসী হামলায় ছাত্রলীগ সভাপতিসহ ২ছাত্রনেতা আহত হয়েছে। এ ঘটনায় সন্ত্রাসীদের আটকের দাবিতে আড়াই ঘন্টা নাভারন -সাতক্ষিরা সড়ক অবরোধ করে জনতা। আহতদের শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তী করা হয়েছে।

এ ঘটনায় শার্শার কায়বা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা চঞ্চল ও সদস্য ইমন আহত হয়েছে।
আহত কায়বা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা চঞ্চল জানান, কোন উস্কানি ছাড়াই হঠাৎ করে সন্ত্রাসী আলতাপের নেতৃত্বে রাজু, সান্ত, প্রান্ত, বাবু, টুটুল, মনি, শাহিন, মনিরুলসহ ১০/১২ জনের একদল সন্ত্রাসী হামলা চালায়। এ সময় তারা শ্লোগান দেয় “যাকে পাবি তাকে ধর, ধরে ধরে মেরে ফেল” এবং ছাত্রলীগ কর্মীদের উপর হামলা চালিয়ে আহত করে।
এদিকে এ ঘটনায় সন্ত্রাসীদের আটকের দাবিতে ছাত্র জনতা নাভারন-সাতক্ষিরা অবরোধ করে রাখে। পুলিশের আশ্বাসের পরিপ্রেক্ষিতে ছাত্র জনতা অবরোধ তুলে নেন।
এ ঘটনায় শার্শা থানা পুলিশ সন্ত্রাসী আলতাফকে আটক করেছে।
শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার জানান, পুলিশ মামলা না নিয়ে এসপি মহাদয়ের কাছে যাবার জন্য বারবার বলছে। আমাদের দাবি মামলা না হওয়া পর্যন্ত কারো সাথে আমরা বসতে চাইনা।
এ ব্যাপারে শার্শা থানার ওসি কবির আহমেদের কাছে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে এএসআই সোমেন ফোন রিসিভ করে জানান, ওসি সাহেব অসুস্থ। মামলার ব্যাপারে খোঁজ নিলে তিনি জানান, অভিযোগ পেয়েছি।



















