পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি : পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের সোনাইছড়ি মৌলভীপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ ৮ ব্যক্তি গুরুতর আহত হয়েছে। আহতদের পেকুয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, গতকাল বিকাল ২ টার দিকে ওই এলাকার জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আবুল খাইরের পুত্র জমির হোছন ও জাফর আহমদের পুত্র মোহাম্মদ ছরওয়ার গংদের মধ্যে সংঘর্ষ লেগে যায়। আহতপক্ষের লোকজন জানান, বারবাকিয়ার জাফর আহমদ তার জায়গা বিক্রি করে ফেলে মৌলভীপাড়ার জমির হোছনকে। ওই জায়গা বিক্রি করার পরও জাফর আহমদের ছেলে জায়গাটি জমিরকে দখল দিচ্ছে না। এমনকি তারা ওই সময়ে জমির হোছনের জায়গা থেকে প্রতিপক্ষ লুৎফর রহমান গং গাছ কেটে নিয়ে যাওয়ার সময় তারা বাধা দিলে সংঘর্ষ লেগে যায়। এ সময় বারবাকিয়ার জাফর আহমদের পুত্র ছরওয়ার, মনজুর আলমের পুুত্র লুৎফর রহমান, হুমায়ুনসহ ১০/১২ জনের সংঘবদ্ধ স্বশস্ত্র লোক সন্ত্রাসী হামলা চালালে একপর্যায়ে দুপক্ষীয় সংঘর্ষে টইটং মৌলভীপাড়া এলাকার আবুল খাইরের পুত্র জমির হোছন(৩৫), মৃত জব্বারের পুত্র সোলতান আহমদ(২৫), রমজান আলীর স্ত্রী মমতাজ বেগম(২২), মৃত আবদুল জব্বারের স্ত্রী নুরুন্নাহার(৫০), জমির হোছনের স্ত্রী ফাতেমা খাতুন(৩০), ছমি উদ্দিনের স্ত্রী উম্মে ছালমা(২০) গুরুতর আহত হয়। অপরপক্ষের মোস্তফা বেগম ও জাহেদা বেগম আহত হয়। এ দিকে গুরুতর আহত জমির হোছনকে আশংকাজনক অবস্থায় কর্তব্যরত ডাক্তার চমেক হাসপাতালে পাঠিয়ে দেন। আহতপক্ষের লোকজন বলেন, বিষয়টি পেকুয়া থানাকে অবহিত করা হয়েছে ও থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।



















