ইয়ানুর রহমান (যশোর) : যশোরের নাভারনের কুন্দিপুর রেল ক্রসিং-এ ট্রেন-নছিমনের মুখোমুখি সংঘর্ষে বুরুজ বাগান পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৭ শিক্ষার্থী হতাহত হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের মাতম চলছে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সুত্রে জানা যায়, দুপুর ১টার সময় বেনাপোল থেকে ছেড়ে আসা খুলনাগামী কমিউটার ট্রেন যশোরের ঝিকরগাছা উপজেলার কুন্দিপুর রেলক্রসিং-এ পৌছালে বুরুজ বাগান পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী বোঝায় নছিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সংঘর্ষে বুরুজ বাগান পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ২শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত ২শিক্ষার্থীরা হল ঝিকরগাছা উপজেলার করিমালী গ্রামের খোকনের মেয়ে মহুয়া(১৩) ও গুলনগর গ্রামের হবিবর রহমানের মেয়ে মিনি খাতুন(১৩)।
আহতরা হল একই উপজেলার বেড়ারপানি গ্রামের রবিউল ইসলামের মেয়ে কবিতা (১২), হরিদাসের মেয়ে জবা (১৩), বাকি করিমালী গ্রামের জয়নালের মেয়ে সুমাইয়া (১২), মঞ্জুর মেয়ে রুকসানা(১২), মনিরুল ইসলামের মেয়ে রিমা। সকলে বুরুজ বাগান পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর (১৫)। আহতরা শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ও যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তী রয়েছে। এর মধ্যে রিমা’র অবস্থ্যা আশঙ্খাজনক। নছিমন চালক টুটুল পলাতক রয়েছে। সে কুন্দিপুর গ্রামের হজরত আলীর পুত্র।
দুর্ঘটনার বিষয়টি ঝিকরগাছা থানার ওসি মোর্সারফ হোসেন নিশ্চিত করেছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ২স্কুল ছাত্রীর লাশ ঘটনাস্থলে পড়ে ছিল।



















