চিতলমারী প্রতিনিধিঃ বাগেরহাটের চিতলমারীর দড়িউমাজুড়ী গ্রামে একটি বসত বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। হামলা কারীরা ভাংচুরের পর নগদ ৪০ হাজার টাকাসহ লুটপাট করেছে। এ সময় হামলা কারীরা গৃহকর্তার পুত্র মিঠুন মাঝি (১৮), স্ত্রী শ্যমলী মাঝি (৪০) কে বেধড়ক মারপিট করে রক্তাক্ত জখম করেছে। আহতদের চিতলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ও ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানাগেছে, বুধবার (০৪ জুন) রাত অনুমান ১২.৫ মিনিটে দড়িউমাজুড়ী গ্রামের শান্তি মাঝির বসতবাড়ীতে ৯/১০ জনের একদল যুবক হামলা চালিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে ভাংচুর করে ও নগদ ৪০ হাজার টাকা নিয়ে নেয়। এ সময় মিঠুন প্রতিবাদ করলে তাকে বেপরোয়া মারপিট করতে থাকলে মিঠুনের মা শ্যামলী ঠেকাতে এলে হামলা ও লুটপাটকারীরা তাকেও মারপিট করে। তাদের আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ওই ঘটনায় শান্তি মাঝি বাদী হয়ে মলয় মজুমদারকে প্রধান করে ৯ জনের নাম এজাহার ভুক্ত করে মামলা দায়ের করে ।
ভোরের কাগজের সাবেক সম্পাদক বেনজির আহমেদের মৃত্যুতে চিতলমারী প্রেসক্লাবের শোক বিবৃতি
দৈনিক ভোরের কাগজের সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক বেনজির আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চিতলমারী প্রেসক্লাবের সকল সাংবাদিকরা। এ সময় প্রেস ক্লাবের সকল সাংবাদিক সদস্যের পক্ষে বিবৃতিতে প্রেসক্লাবের সভাপতি ও পাক্ষিক কন্ঠধ্বনি পত্রিকার সম্পাদক মুন্সী দেলোয়ার হোসেন বলেন, বাংলাদেশের নতুন ধারার সাংবাদিকতা সৃষ্টির পথিকৃৎ নিভৃতচারী বেনজির আহমেদকে এ দেশের সংবাদপত্র জগৎ শ্রদ্ধার সাথে স্মরণ করবে। প্রয়াত এই সাংবাদিকের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও প্রকাশ করেন। উলেখ্য, গত মঙ্গলবার ভোর রাতে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে বেনজির আহম্মেদ মারা যান। তার বয়স হয়েছিল ৬৮ বছর। তার বোন নাজমুন নাহার জানান, গত তিন মাস ধরে গুরুতর অসুস্থ বেনজির হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন।



















