এ কিউ রাসেল, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বলরাম উচ্চ বিদ্যালয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ না করেই সমাজ বিজ্ঞান বিষয়ে শিক্ষক নিয়োগের অভিযোগ পাওয়া গেছে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেনের বিরুদ্ধে। আর অনিয়মের মাধ্যমে নিয়োগকৃত ওই শিক্ষকের এমপিও বাতিল করতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, শিক্ষা মন্ত্রনালয়ের সচিব ও শিক্ষা মন্ত্রির একান্ত সচিব বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সদস্য মো.সাইফুল ইসলাম। বিষয়টি নিয়ে টাঙ্গাইল কোর্টে একাািধক মামলাও চলমান রয়েছে।
অভিযোগে জানা যায়, উপজেলার বলরামপুর উচ্চ বিদ্যালয়ে গত বছরের ১৮ই জুন শূন্যপদে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি মোতাবেক ১২ই অক্টোবর গণিত, ইসলাম শিক্ষা ও সমাজ বিজ্ঞান বিষয়ের লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের মিটিংয়ে গণিত ও ইসলাম শিক্ষা বিষয়ের শিক্ষক নিয়েগের সুপারিশ করে রেজুলেশন অনুমোদন করা হয়। সে অনুযায়ি প্রধান শিক্ষক ২৫শে অক্টোবর গণিত ও ইসলাম শিক্ষা বিষয়ের শিক্ষকের নিকট নিয়োগপত্র প্রেরণ করেন।
৭ই নভেম্বর সমাজ বিজ্ঞান বিষয়ের নিয়োগ প্রার্থী রাজিয়া সুলতানা নিয়োগ পেতে টাঙ্গাইল কোর্টে একটি মামলা দায়ের করেন। মামলা চলাকালীন ২০১৩ সালের ডিসেম্ব বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের মেয়াদ শেষ হয়ে যায়। পরে প্রধান শিক্ষক দ্রুত কোন প্রকার তফসিল ঘোষণা না করেই মনগড়া একটি কমিটি দাঁড় করান। ওই কমিটির বিরুদ্ধে স্থানীয় আব্দুল আজিজ নামের এক অভিভাবক টাঙ্গাইল কোর্টে একটি মামলা দায়ের করেন। কোর্টে দু’টি মামলা চলমান থাকার পরও প্রধান শিক্ষক সোহরাব হোসেন নতুন কমিটির সহযোগিতায় পুরাতন কমিটি কর্তৃক অনুমোদিত গণিত ও ইসলাম শিক্ষা বিষয়ের শিক্ষক নিয়োগের রেজুলেশন মোটা অঙ্কের টাকার বিনিময়ে ফ্লুইড দিয়ে মুছে সমাজ বিজ্ঞান বিষয়ে নিয়োগ প্রার্থী রাজিয়া সুলতানার নাম অন্তর্ভুক্তি করে সাড়ে ৩ মাস পর তাকে নিয়োগপত্র প্রদান করেন। ওই নিয়োগপত্র আগের দেয়া দু’টি নিয়োগপত্রের তারিখের সাথে মিল রাখা হয়। নিয়মানুযায়ী বিদ্যালয় পরিচালনা পর্ষদ রেজুলেশনের মাধ্যমে নিয়োগ বাতিল করলে পুনরায় পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়মমাফিক লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অথচ প্রধান শিক্ষক সোহরাব হোসেন পূর্বের পরিচালনা পর্ষদের সমাজ বিজ্ঞান বিষয়ের নিয়োগ বাতিল করা রেজুলেশন তোয়াক্কা না করে নতুন অবৈধ কমিটির সহযোগীতায় সাড়ে তিনমাস পর আগের দেয়া ২৫ শে অক্টোবর গণিত ও ইসলাম শিক্ষা বিষয়ের নিয়োগের সাথে সমাজ বিজ্ঞান বিষয়ের শিক্ষক নিয়োগ দেখিয়েছেন। প্রধান শিক্ষকের এমন অনিয়ম, দূর্নীতি ও সমাজ বিজ্ঞান বিষয়ের শিক্ষকের এমপিও বাতিল করতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, শিক্ষা মন্ত্রনালয়ের সচিব ও শিক্ষা মন্ত্রির একান্ত সচিব বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সদস্য মো. সাইফুল ইসলাম।
অভিযোগের বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সোহরাব হোসেন বলেন, বিদ্যালয়ে যা কিছু করা হয়েছে তা নিয়ম মেনেই করা হয়েছে। বিদ্যালয়ের স্বার্থেই করা হয়েছে।




