নরসিংদী প্রতিনিধি : আম পাড়াকে কেন্দ্র করে অতর্কিত হামলায় পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের বাঘাব গ্রামের আম গাছের মালিক উজ্জল সরকারসহ ১৫ জন আহত হয়েছে। এসময় গ্রামের একটি মন্দির এবং ৫/৬টি বাড়ী ঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গতকাল রবিবার দুপুরে এ ঘটনা ঘটে। পার্শ্ববতী পাঁচদোনা ইউনিয়নের টাকশাল গ্রামের জনৈক আজগর ও শাহাদাতের নেতৃত্বে প্রায় শতাধিক লোক মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে উল্লেখিত উজ্জল সরকারের বাড়ীতে এসে জোরপূর্বক গাছে উঠে আম পাড়তে থাকে। এসময় বাড়ীর লোকজন তাদেরকে বাধা নিষেধ দিলে তারা আরো উত্তেজিত এবং বেপোরোয়া হয়ে উজ্জল সরকার ও তার সমর্থক প্রতিবেশীদের উপর হামলা চালায়। এসময় সন্ত্রাসীদের হামলায় আহত হয় উজ্জল সরকার (২৮), অজিত মিত্র (৫০), মিনা রায় (৩০), নিউটন সরকার (২৩) রিপন সরকার (২৮), বিবেক রায় (২০), হারাধন মিত্র (৪৫), রতন মিত্র (৩৫), তুষার মিত্র (১৮), যাদব মিত্র (৪০), দিপক সরকারসহ ১৫ জন। এদের মধ্যে গুরুতর আহত স্বপন পাল ও বিধান রায়সহ ৬ জনকে নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে পলাশ থানা পুলিশ ঘটনাস্থল পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পলাশ থানা পুলিশ এ পর্যন্ত ৩ জনকে গ্রেফতার করেছে।




