পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলা উপজেলায় চুরি যাওয়া কম্পিউটারসহ দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হল, ময়মনসিংহের তারাকান্দা উপজেলার চরাকান্দা গ্রামের আ. রাজ্জাকের ছেলে রুবেল (২২) ও পূর্বধলা উপজেলার মেঘশিমূল মধ্যপাড়া গ্রামের মৃত শাহ সুজুতের ছেলে মাহবুব (২১)।
পুলিশ সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহের মধ্যে পূর্বধলা প্রেসক্লাব, শিক্ষা প্রতিষ্ঠানসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে বেশ কয়েকটি কম্পিউটার চুরি হয়। চুরির ঘটনায় পূর্বধলা থানায় পৃথক মামলাও হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে গত শক্রবার রাতে পূর্বধলা থানার উপপরিদর্শক (এসআই) মো. বিল্লাল হোসেন ও মনোরঞ্জন সরকারের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তারাকান্দা বাজারের থেকে রুবেলকে আটক করে। এ তারা দোকান থেকে পূর্বধলা উপজেলার দুধী বাজারের চাঁন মিয়ার চুরি যাওয়া একটি কম্পিউটার উদ্ধার করা হয়।
পরে তার স্বীকারোক্তি মোতাবেক কম্পিউটার চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ওই রাতেই মাহাবুবকে গ্রেফতার করে।
পূর্বধলা থানার উপপরিদর্শক (এসআই) মো. বিল্লাল হোসেন বলেন, গ্রেফতারকৃতরা প্রেসক্লাবের কম্পিউটার চুরির বিষয়টি স্বীকার করেছে। শনিবার গ্রেফতারকৃতদের ৭ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে প্রেরন করা হয়।




