রানীশংকৈল (ঠাকুরগাও) প্রতিনিধি : ঠাকুরগাওয়ে অটো চালক আকতারুল ইসলাম (২৮) মঙ্গলবার অপহরণ হয়েছে বলে তার পরিবার দাবী করেছে। চার জনকে আসামী করে থানায় অপহরণ মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে রেজাউল করিম, ফেরোজা বেগম, বিউটি আকতার ও ফিরোজ হোসেনকে আসামী করে অপহৃতের স্ত্রী ময়না আকতার একটি অপহরণ মামলা করে।

ওই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ রেজাউল করিম (২৮) ও ফিরোজ (২০)কে তাৎক্ষনিকভাবে গ্রেফতার করেছে ।
পুলিশ সুত্রমতে, আকতারুল বেলাল হোসেনের অটোরিক্সা আকতারুল ভাড়ায় চালায়। প্রতিদিন কাজ শেষে আকতারুল অটোরিক্সা জমা দিয়ে আসলেও ঘটনার দিন অটোরিক্সা জমা না হওয়ায় খোজাখুজি শুরু হয়। অনেক খোজাখুজির পর অটো রিক্সাটি ঠাকুরগাও সদর উপজেলা সালন্দর পাঞ্জীয়ার পাড়ার এক ভুট্টা ক্ষেতের পাশ থেকে উদ্ধার করে। চালক আকতারুলকে পাওয়া যায়নি। অটোরিক্সা মালিক আকতারুলের পরিবারের লোকজনকে খবর দেয়। আকতারুলের পরিবারের লোকজন থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঠাকুরগাও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদি হাসান জানান, মামলার অভিযুক্ত ২ আসামীকে তাৎক্ষনিকভাবে গ্রেফতার করা হয়েছে। অপহৃত অটো রিক্সা চালক আকতারুলকে উদ্ধার ও বাকি আসামীদের গ্রেফতারের ব্যাপারে অভিযান অব্যাহত রয়েছে।




