ভোলা প্রতিনিধি : ভোলার উপজেলা বোরহানউদ্দিনে স্পিড ব্রেকারের দাবীতে হাকিমুদ্দিন এলাকায় বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে এলাকাবাসী। বুধবার সকাল ১০টা থেকে ভোলা-চরফ্যাশন সড়কের হাকিমুদ্দিন এলাকায় এ অবরোধ শুরু হয় । স্থানীয় ব্যবসায়ীরা জানান, এই সড়কে স্পিড ব্রেকার না থাকায় এ সড়ক দিয়ে যানবাহন দ্রুত গতিতে চলাচল করে। গত তিন মাসে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয় । আর আহত হয়েছে অসংখ্য মানুষ । মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় ৫জন আহত এবং ব্যবসায়ীদের ৩টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েক বার স্পিড ব্রেকারের দাবী জানালেও প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছেনা। তাই স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন কর্মসূচিতে যোগ দিয়েছে। এক কিলোমিটার দীর্ঘ অবরোধ কর্মসূচিতে ব্যবসায়ী, পথচারী, এলাকাবাসীসহ সর্বস্তরের মানুষ এ আন্দোলনে অংশগ্রহণ করে। বোরহানউদ্দিন থানার (ওসি) এনায়েত হোসেন সত্যতা নিশ্চিত করে জানান, আন্দোলনের ঘটনা খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আন্দোলন কারীদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করে।




