নওগাঁ : চেয়ারম্যান পদে দলীয় সমর্থন বঞ্চিত হয়ে নওগাঁর মান্দা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন সাধারন সম্পাদক সরদার জসিম উদ্দিন। গতকাল বুধবার বেলা ১১ টার দিকে কার্যালয়ের প্রধান গেটে তালা দিয়ে চাবি নিয়ে চলে যান তিনি। এতে নেতাকর্মিরা কার্যালয়ে প্রবেশ করতে না পেরে চরম ক্ষোভ প্রকাশ করেন।

জানা গেছে, তৃতীয় দফার নির্বাচনে এ উপজেলায় তিনটি পদেই উপজেলা আওয়ামী লীগের একাধিক প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। কেন্দ্রীয় নির্দেশে একক প্রার্থী সিলেকশনের জন্য উপজেলা আওয়ামী লীগ গত শনিবার রেবা আখতার আলিম মাদরাসা চত্বরে তৃণমুল নেতাকর্মিদের নিয়ে এক বিশেষ বর্ধিত সভার আহবান করে। সেখানে সমঝোতা বৈঠক ব্যর্থ হলে তৃণমুল নেতাকর্মিদের ভোটের মাধ্যমে প্রার্থী সিলেকশনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এসএম ব্রহানী সুলতান মাহমুদ গামা ১৪৮ ভোট ও সাধারন সম্পাদক সরদার জসিম উদ্দিন পান ১০২ ভোট। এছাড়া নারী ভাইস চেয়ারম্যান পদে বিউটি রানী ২৪৪ ভোট ও রোকেয়া বেগম পান ৭০ ভোট।
তৃণমুলের ভোটে পরাজিত হলেও সাধারন সম্পাদক সরদার জসিম উদ্দিন মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন নি। দলীয় সিদ্ধান্ত উপক্ষো করে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি। গত মঙ্গলবার জেলা নির্বাচন অফিস থেকে তাকে দোয়াত-কলম প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। এ অবস্থায় গতকাল বুধবার বেলা ১১টার দিকে হঠাৎ করেই দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে চাবি নিয়ে চলে যান তিনি।
দলীয় সমর্থিত প্রার্থী ব্রহানী সুলতান গামা জানান, কার্যালয়ে তালা লাগানো থাকায় ভেতরে প্রবেশ করতে পারেন নি। নেতাকর্মিদের নিয়ে তিনি কার্যালয়ের সামনে বেশকিছু সময় অপেক্ষার পর সেখানে থেকে ফিরে যেতে বাধ্য হন। সাধারন সম্পাদকের এ কর্মকান্ডের নিন্দা জানিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের হস্তক্ষেপ কামনা করেন তিনি। ভাইস চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক ও নারী ভাইস চেয়ারম্যান বিউটি রানী এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, বিষয়টি দলীয় হাইকমান্ডকে অবহিত করা হয়েছে। এদিকে আ’লীগ কার্যালয় দিনভর তালাবদ্ধ থাকায় নেতাকর্মিরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, অবিলম্বে কার্যালয়ের তালা খুলে দেয়া না হলে অপ্রীতিকর ঘটনার আশঙ্কা রয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সরদার জসিম উদ্দিন দলীয় কার্যালয়ে তালা ঝুলানো ও চাবি নিয়ে যাবার বিষয়টি অস্বীকার করেছেন। তার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র চলছে বলে দাবি করেন তিনি। জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ফজলে রাব্বী বকু জানান, দলীয় কার্যালয়ে তালা দেয়া ঠিক হয় নি। এটি দলীয় শৃঙ্খলা ভঙ্গও বটে।
পোরশায় আ’লীগের বর্ধিত সভায় এমপি সাধন মজুমদার
আসন্ন উপজেলা নির্বাচনকে সামনে রেখে বুধবার সকালে নওগাঁর পোরশা উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে দলের সভা বর্ধিত জাতীয় সংসদের নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের এমপি বাবু সাধন চন্দ্র মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী আনারুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোর্শেদ শাহ, উপজেলা কৃষকলীগের সভাপতি শরিফুল ইসলাম প্রমুখ।
পোরশায় মনোনয়নপত্র প্রত্যাহার করায় জাপা সভাপতিকে অবাঞ্ছিত ঘোষণা

নওগাঁর পোরশায় উপজেলা চেয়ারম্যান পদ থেকে প্রার্থীতা প্রত্যাহার করায় উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাজেদ আলীকে এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেছে দলের নেতাকর্মীরা। বুধবার দুপুরে উপজেলা সদরের নিতপুরে জাপার দলীয় কার্যালয়ে আয়োজিত বর্ধিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। উপজেলা জাপার ভারপ্রাপ্ত সভাপতি জয়নুদ্দিন মাষ্টার এতে সভাপতিত্ব করেন। সভায় অভিযোগ করা হয় যে, সভাপতি মাজেদ আলী এবার পোরশা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন নিয়ে মনোনয়নপত্র দাখিল করলেও অন্য দলের প্রার্থীর জন্য প্রভাবিত হয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহ-সভাপতি আকবর আলী কালু ও মর্তুজা, সাধারন সম্পাদক আব্দুল হাই, শামসুল ইসলাম, আব্দুর রাজ্জাক, বেলাল উদ্দিন প্রমুখ। এব্যাপারে জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নওগাঁ জেলা শাখার সভাপতি এ্যাড: তোফাজ্জল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি মাজেদ আলীকে অবাঞ্চিত ঘোষণার কথা স্বীকার করে বলেন তাঁকে দলের সকল প্রাথমিক সদস্য পদ থেকেও বহিস্কার করা হয়েছে।
পোরশায় চরমোনাইয়ের ওয়াজ মাহফিল
বুধবার সকালে নওগাঁর পোরশা উপজেলার সরাইগাছি কালিনগর প্রাথমিক বিদ্যালয় ময়দানে উপজেলা মুজাহিদ কমিটির উদ্যোগে দিনব্যাপী ওয়াজ ও জিকির মাহফিলের আয়োজন করা হয়। সংগঠনের পোরশা শাখার সভাপতি মাও: মোস্তাফিজুর রহমান এতে সভাপতিত্ব করেন। চরমোনাই পীরসাহেবের সাহেবযাদা ও খলিফা মাও: সৈয়দ মুহাম্মাদ ফয়জুুল করীম এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।




