শ্যামলবাংলা ডেস্ক : সবচেয়ে কম দামে স্মার্টফোন বাজারে আনতে পারে মজিলা ফাউন্ডেশন। ফায়ারফক্স অপারেটিং সিস্টেম (ওএস) চালিত এই স্মার্টফোনের দাম হতে পারে মাত্র ২৫ ডলার! এ ব্যাপারে চীনের চিপ নির্মাতাপ্রতিষ্ঠান ‘স্পিডট্রার্ম’-এর সঙ্গে একটি চুক্তিও করেছে মজিলা ফাউন্ডেশন। ফলে সাধারণ ব্যবহারকারীদের কম মূল্যে স্মার্টফোন ব্যবহার করতে পারবেন।

জানা গেছে, বাংলাদেশি টাকায় মাত্র ২ হাজার দামের এই স্মার্টফোনে থাকবে ৩.৫ ইঞ্চি পর্দা, ওয়াই-ফাই, ব্লুটুথ, এফএম রেডিওসহ স্মার্টফোনের নানা সুবিধা। থাকবে ২ মেগাপিক্সেল ক্যামেরা। এতে ফায়ারফক্স ব্যবহার করা যাবে, যাতে থাকবে এইচটিএমএল৫ সমর্থন।
এ ব্যাপারে মজিলার প্রধান পরিচালন কর্মকর্তা জয় সুলিভান বলেন, নতুন এ উদ্যোগের ফলে আশা করছি কম দামের এ স্মার্টফোনটি সব ধরনের গ্রাহকের হাতে পৌঁছানো যাবে।’ সোমবার স্পেনের বার্সেলোনায় শুরু হওয়া মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের এক দিন আগে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ওই কথা জানান সুলিভান। মজিলার জ্যেষ্ঠ সহ-সভাপতি এবং এশিয়া অপারেশনের প্রধান লি গং জানান, মুক্ত ওয়েবের বিষয়টি সারা বিশ্বে ছড়িয়ে দিতে ফায়ারফক্স ওএস এবং স্পিডটার্ম-এর এ উদ্যোগ। চলতি বছরেই এ ফোন বাজারে আসতে পারে বলে জানা গেছে।




